বরগুনা শহরের পশ্চিম প্রান্তে ক্রোক খালের দুই পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে গতকাল মঙ্গলবার অভিযান শুরু করে প্রশাসন।
সকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইব্রাহীমের নেতৃত্বে এই অভিযান চালানো হলেও পরে মেয়রের অনুরোধে তা তিন দিনের জন্য স্থগিত করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযান চলাকালে বরগুনা জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারজানা আক্তারের অবৈধ স্থাপনাসহ অন্তত ১০টি স্থাপনা ভেঙে দেওয়া হয়।
অভিযান চলাকালে বরগুনা পৌরসভার মেয়র মো. শাহাদাত হোসেন সেখানে গিয়ে অভিযান বন্ধ রাখার জন্য সহকারী কমিশনারকে অনুরোধ করেন।
সহকারী কমিশনার মেয়রের অনুরোধ উপেক্ষা করে অভিযান পরিচালনা করতে চাইলে শেষ পর্যন্ত মেয়র এসব স্থাপনা সরানোর জন্য তিন দিন সময় চান।
এ সময় সহকারী কমিশনার তিন দিনের মধ্যে এসব স্থাপনা সরিয়ে নেওয়া হবে—মর্মে মেয়র শাহাদাত হোসেনকে মুচলেকা দিতে বলেন। মেয়র মুচলেকা দিলে অভিযান স্থগিত করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টার দিকে সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে ক্রোক খালের পূর্ব পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় এসব অবৈধ স্থাপনার বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং পূর্ব পাড়ের টিনের বেড়া, খালে দেওয়া বেড়া, টিনের ঘরসহ ১০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) বলেন, তিন দিনের মধ্যে সব অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে এগুলো বাজেয়াপ্ত করা হবে এবং অভিযান চালিয়ে খালের জমি পুনরুদ্ধার করা হবে।
প্রসঙ্গত, গত সোমবার প্রথম আলোয় ‘খালের দুপাশে ৩০০ অবৈধ স্থাপনা’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।