উচ্ছেদ হওয়া ৪০ পরিবারকে বিদ্যালয়ে আশ্রয় দিল বিজিবি
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আওয়ামী লীগের নেতার মালিকানা দাবি করা জমি থেকে উচ্ছেদ হওয়া বড়ুয়া সম্প্রদায়ের ৪০টি পরিবারকে ঘুনধুম উচ্চবিদ্যালয়ে আশ্রয় দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরিবারগুলো উচ্ছেদ হওয়ার পর মিয়ানমারে যাওয়ার চেষ্টা করলে সীমান্ত থেকে ফিরিয়ে এনে তাদের এই আশ্রয় দেওয়া হয়।
বিদ্যালয়ে আশ্রিত রঞ্জু বড়ুয়া ও রপন বড়ুয়া জানান, উপজেলার উত্তর ঘুনধুম বড়ুয়াপাড়ায় তাঁরা ২৪-২৫ বছর ধরে ৫২টি পরিবার বসবাস করে আসছিলেন। গত শনিবার হঠাৎ ঘুনধুম ইউনিয়ন পরিষদের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুব্রত বড়ুয়া রামু থেকে ২০০ থেকে ২৫০ লোক এনে এবং ইউএনও ও পুলিশের সহায়তায় তাঁদের ঘরবাড়ি ভেঙে পাড়া থেকে উচ্ছেদ করেন। পরে তাঁরা নিরুপায় হয়ে মিয়ানমারের উদ্দেশে রওনা হন। কিন্তু বেতবুনিয়া ও কচুবনিয়া সীমান্তে বিজিবির সদস্যরা তাঁদের বাধা দেন।
রঞ্জু ও রপনের দাবি, সুব্রত বড়ুয়ার জমিতে নয়, সরকারি খাসজমিতে তাঁরা পাড়া করে ছিলেন। উচ্ছেদের আগে তাঁদের কোনো নোটিশ পর্যন্ত দেওয়া হয়নি।
এ বিষয়ে সুব্রত বড়ুয়া বলেন, ২৫ একরের ওই ইজারা জমি তিনি ১৬ লাখ ১৩ হাজার টাকায় নিলামে কিনেছেন। আদালতের নির্দেশে ইউএনও, পুলিশ, জেলা ও দায়রা জজ আদালতের নাজির উপস্থিত থেকে দখলদারদের উচ্ছেদ করে তাঁকে জমি বুঝিয়ে দিয়েছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক ফারুক হোসেন বলেন, উচ্ছেদ হওয়া ৪০টি পরিবারের অধিকাংশের পার্শ্ববর্তী এলাকায় ঘরবাড়ি রয়েছে। তার পরও তাঁদের প্রথমে একটি ব্যারাক তৈরি করে বিদ্যালয় থেকে সরিয়ে নিয়ে পরে সেখান থেকে খাসজমিতে পুনর্বাসন করা হবে। ইতিমধ্যে তাঁদের শীতের কাপড় ও খাবার দেওয়া হয়েছে।
ঘুনধুম উচ্চবিদ্যালয়ে ৪০ পরিবারের নারী ও শিশুসহ ১২৮ জনকে আশ্রয় দেওয়া হয়েছে বলে জানান বিজিবির কক্সবাজারের ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল ইসলাম। তাঁর মতে, এসব লোকজনকে উচ্ছেদের ক্ষেত্রে পরিপক্বতার পরিচয় দেওয়া উচিত ছিল।