উচ্ছেদ হওয়া যৌনকর্মীদের পুনর্বাসনের দাবি
টাঙ্গাইল যৌনপল্লি থেকে উচ্ছেদ হওয়া যৌনকর্মীদের পুনর্বাসনের দাবি জানিয়ে সেক্সওয়ার্কারস নেটওয়ার্কের নেতারা বলেছেন, যৌনকর্মীরা চোর-ডাকাত নন; তাঁরাও মানুষ। প্রাণনাশের হুমকি দিয়ে টাঙ্গাইল যৌনপল্লি থেকে তাঁদের উচ্ছেদ করা হয়েছে। এতে যৌনকর্মীদের মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছে। উচ্ছেদ হওয়া যৌনকর্মীদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন তাঁরা।
সেক্সওয়ার্কারস নেটওয়ার্কসহ বিভিন্ন বেসরকারি সংস্থা ও মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার টাঙ্গাইলের জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌর মেয়রের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানানো হয়।
জেলা প্রশাসকের কাছে ছয় দফা দাবিসংবলিত স্মারকলিপি দেওয়ার সময় সেক্সওয়ার্কারস নেটওয়ার্কের সাবেক সাধারণ সম্পাদক শাহনাজ বেগম বলেন, যৌনপল্লি থেকে উচ্ছেদ হওয়া মেয়েরা সামাজিক ও অর্থনৈতিক বাধার কারণে বাসা ভাড়া নিতে পারছেন না। উদ্বাস্তুর মতো ঘোরাঘুরি করতে গিয়ে বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছেন।
জেলা প্রশাসককে দেওয়া স্মারকলিপিতে উচ্ছেদ হওয়া যৌনকর্মীদের ফিরিয়ে আনা, যৌনপল্লিতে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কারা জড়িত এবং তাদের উদ্দেশ্য সম্পর্কে তদন্ত ও বিচারের আওতায় আনা, অন্যান্য যৌনপল্লি উচ্ছেদ প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত যৌনকর্মীদের ক্ষতিপূরণ এবং যৌনকর্মীদের জমির মালিকানা তাঁদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।
স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন বলেন, যৌনপল্লি থেকে যৌনকর্মীদের হুমকি দিয়ে চলে যেতে বাধ্য করা হয়েছে—এমন কোনো অভিযোগ কেউ করেনি। তিনি স্মারকলিপির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন এবং যেখানে কথা বলা দরকার বলবেন।
সৈয়দ আবুল মকসুদের উদ্বেগ
বিশিষ্ট লেখক সৈয়দ আবুল মকসুদ টাঙ্গাইল যৌনপল্লি থেকে হুমকি দিয়ে যৌনকর্মীদের উচ্ছেদের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, পুনর্বাসন না করে এভাবে যৌনকর্মীদের উচ্ছেদ করায় মানবাধিকার চরমভাবে লিঙ্ঘত হয়েছে। তিনি যৌনকর্মীদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন।