উচ্ছেদ হচ্ছে না কক্সবাজার সৈকতের অবৈধ স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতের বিভিন্ন স্থানে তৈরি অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে আড়াই বছর আগে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। অথচ সমুদ্রসৈকতের বালুচর দখল করে তৈরি করা সাত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে না।
বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের (বাপা) জেলা শাখার সভাপতি ফজলুল কাদের চৌধুরী বলেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত এখন অবৈধ দোকানপাটে ভরে গেছে। সৈকতে সাত শতাধিক দোকানপাট তৈরি হওয়ায় পর্যটকেরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারছেন না। আড়াই বছর আগে হাইকোর্ট সৈকতের অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে কাঁটাতারের বেড়া দিয়ে সীমানা নির্ধারণের জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিলেও এ পর্যন্ত তার কিছুই হয়নি। সম্প্রতি অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য জেলা প্রশাসককে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে লিখিতভাবে তাগাদা দেওয়া হয়। এতেও কোনো কাজ হচ্ছে না।
গত রোববার সৈকতের লাবণী পয়েন্টে গিয়ে দেখা যায়, বালুচর দখল করে তিন শতাধিক অবৈধ দোকানপাট তৈরি করা হয়েছে। তার একটু দক্ষিণে সুগন্ধা পয়েন্টেও এ রকম আরও তিন শতাধিক দোকানপাট তৈরি করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দোকানদার বলেন, দোকান তৈরির আগে জেলা প্রশাসনের এক কর্মকর্তাকে ১০ থেকে ১৫ হাজার টাকা করে চাঁদা দিতে হয়েছে। এখন মাসিক চাঁদার ভিত্তিতে তাঁরা সৈকতে ব্যবসা করছেন। চাঁদা না দিলে ভূমি কার্যালয়ের লোকজন এসে দোকানপাট উচ্ছেদের হুমকি দেন।
কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, প্রশাসনের অসাধু কিছু কর্মচারী মাসিক চুক্তিতে অবৈধ দোকানপাট তৈরিতে সহযোগিতা দিচ্ছেন। যে কারণে হাইকোর্টের নির্দেশ উপেক্ষিতহচ্ছে। এ নিয়ে গণমাধ্যমে লেখালেখি হলে লোক দেখানো কিছু স্থাপনা উচ্ছেদ করা হয়। যা পরে আবার গড়ে তোলা হয়।
পরিবেশ অধিদপ্তরের কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, হাইকোর্টের নির্দেশনা থাকলেও পরিবেশ অধিদপ্তরের একার পক্ষে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা সম্ভব হচ্ছে না। অবৈধ স্থাপনার কারণে সৈকতের সৌন্দর্যহানির পাশাপাশি পর্যটকের হাঁটাচলায় বিঘ্ন ঘটছে। ময়লা-আবর্জনা নিক্ষেপের কারণে পরিবেশেরও ক্ষতি হচ্ছে।
কয়েকজন পর্যটক অভিযোগ করেন, সন্ধ্যার পর অবৈধ দোকানপাটে বিক্রি হয় বিয়ার ও ফেনসিডিলসহ নানা মাদকদ্রব্য।
বিচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, উচ্চ আদালতের নির্দেশমতো ইতিমধ্যে একাধিকবার অভিযান চালিয়ে সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এখন নতুন করে যেসব স্থাপনা তৈরি করা হয়েছে, সেগুলো দ্রত উচ্ছেদ করা হবে।