উচ্ছেদ হয়নি দোকান, চাঁদা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রীর নির্দেশের পরও উচ্ছেদ হয়নি ঢাকা-আরিচা মহাসড়ক এবং বিভিন্ন সড়কসংলগ্ন অবৈধ দোকানপাট৷ সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জমিতে এসব স্থাপনা গড়ে তোলা হয়েছে৷ গ্রেপ্তার হয়নি এসব দোকানপাট থেকে চাঁদা আদায়ের সঙ্গে জড়িত ব্যক্তিরা৷
গত তিন মাসে একাধিকবার ঢাকা-আরিচা মহাসড়ক পরিদর্শনে এসে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের মহাসড়ক থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদের পাশাপাশি চাঁদাবাজদের গ্রেপ্তারের নির্দেশ দেন৷ কিন্তু পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি৷
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর কাছে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাক-আরিচা মহাসড়ক এবং সংযোগ সড়কসংলগ্ন সওজের জমিতে চার শতাধিক অস্থায়ী দোকান রয়েছে৷ এ ছাড়া, অর্ধশতাধিক টিনের তৈরি কাঁচা ঘরও নির্মাণ করা হয়েছে৷ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, টিনের ঘর তৈরি করে দিয়েছেন কফিল উদ্দিন নামের স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি৷ আর অস্থায়ী দোকানপাট বসিয়েছেন মুকুল নামের এক ব্যক্তিসহ ছাত্রলীগের স্থানীয় কয়েকজন নেতা৷ টিনের ঘর থেকে মাসে চার থেকে ১০ হাজার টাকা করে আদায় করা হচ্ছে৷ অনেকের কাছ থেকে জামানত হিসেবে এককালীন টাকাও নেওয়া হয়েছে৷ আর অস্থায়ী দোকান থেকে আকারভেদে প্রতিদিন ১২০ থেকে ৩০০ টাকা হারে চাঁদা আদায় করা হচ্ছে৷ এই হিসাব অনুযায়ী, গড়ে প্রতিদিন ওই বাজার থেকে ৮০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত চাঁদা আদায় হয়ে থাকে৷ এর ভাগ পুলিশসহ প্রভাবশালী ও ক্ষমতাসীন দলের নেতাদের পকেটে যায় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা৷
দোকান থেকে চাঁদা আদায় করার কথা স্বীকার করে মুকুল বলেন, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের হয়ে তিনি সরকারি জমির ওপর স্থাপন করা বাজার দেখাশোনার পাশাপাশি চাঁদা আদায় করে থাকেন৷ এই টাকা কাদের পকেটে যায় বা কারা ওই প্রভাবশালী ব্যক্তি—জানতে চাইলে তিনি তা বলতে অপারগতা প্রকাশ করেন৷
সাভার পৌর এলাকার উলাইলে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সওজের জমিতে দোকান বসিয়ে চাঁদা আদায় করছেন স্থানীয় প্রভাবশালীরা৷ সেখানে রয়েছে অর্ধশত দোকান৷ ব্যবসায়ীরা জানান, প্রতিদিন সন্ধ্যার পর কয়েকজন তরুণ এসে তাঁদের কাছ থেকে ৫০ থেকে ১০০ টাকা হারে চাঁদা আদায় করে থাকেন৷ তাঁদের নাম জানেন না তাঁরা৷
ব্যবসায়ীরা বলেন, মাস দুয়েক আগে যোগাযোগমন্ত্রীর নির্দেশের পর তাঁদের উচ্ছেদ করা হয়েছিল৷ কিন্তু স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা তাঁদের আবারও ব্যবসা করার সুযোগ করে দিয়েছেন৷ ওই প্রভাবশালী ব্যক্তিদের লোকজনই তাঁদের কাছে চাঁদা আদায় করেন৷ চাঁদা আদায় করার সময় দুজনের নাম-পরিচয় জানতে চাইলে তাঁরা জবাব না দিয়ে মুঠোফোনে কথা বলতে বলতে সটকে পড়েন৷
প্রতিদিন ১০০ থেকে ২০০ টাকা হারে চাঁদা আদায় করা হচ্ছে সাভার উপজেলা পরিষদের মূল ফটকের অপর প্রান্তে সওজের জমির ওপর গড়ে তোলা অবৈধ মার্কেট থেকে৷ ওই মার্কেটে কমপক্ষে ১৫০টি দোকান রয়েছে৷ সেখানকার ব্যবসায়ীরা জানান, বাবুল নামের এক লোক তাঁদের কাছ থেকে প্রতিদিন চাঁদা তুলে নিয়ে যান৷ বাবুল কার হয়ে চাঁদা নেন—তা বলতে অপারগতা প্রকাশ করেন ব্যবসায়ীরা৷ তবে স্থানীয় বাসিন্দারা জানান, তিন বছর আগে সাভার পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম মার্কেটটি নির্মাণ করেন৷ গত জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সাভারের সাংসদ পরিবর্তন হওয়ায় একটি পক্ষ আমিনুলকে ওই বাজার থেকে বিতাড়িত করে দেয়৷ এ নিয়ে কয়েক দফা সংঘর্ষও হয় উভয় পক্ষের মধ্যে৷ বর্তমানে আমিনুলের প্রতিপক্ষের লোকজনই ওই বাজার থেকে চাঁদা আদায় করছেন৷
সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বলেন, মাঝেমধ্যেই সওজের জমি থেকে দোকানপাট তুলে দেওয়া হয়৷ কিন্তু কয়েক দিন পর আবার দোকানপাট বসে যায়৷ মুকুলকে গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, তাঁকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে৷