ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক, এর পাশে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের জমি দখল করে গড়ে ওঠা দোকানপাট ও কাঁচাবাজার অপসারণের নির্দেশ দিয়েছিলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। পাশাপাশি চাঁদাবাজদের গ্রেপ্তার ও মহাসড়কে ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধ করতে বলেছিলেন। প্রায় এক মাসেও মন্ত্রীর সেই নির্দেশ বাস্তবায়িত হয়নি।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে সওজের জমি দখল করে গড়ে ওঠা কাঁচাবাজার আগের মতোই আছে। সেখানে বিভিন্ন ধরনের অন্তত ৫০০ দোকান আছে।
ব্যবসায়ীরা জানান, এসব দোকান থেকে প্রতিদিন গড়ে ১৭৫ টাকা করে ৮৭ হাজার ৫০০ টাকা চাঁদা আদায় করেন মুকুল নামের এক ব্যক্তি ও তাঁর সহযোগীরা।
পরে চাঁদার টাকার বেশির ভাগই সাভার থানার পুলিশসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাদের কাছে পৌঁছে দেন।
উলাইল এলাকায় দোকানপাট ভেঙে দেওয়া হলেও খোলা আকাশের নিচেই চলছে ব্যবসা। গেন্ডা এলাকায় মহাসড়ক থেকে ভাসমান দোকানপাট অপসারণ করা হলেও সওজের জমিতে নির্মিত স্থায়ী দোকানগুলো এখনো রয়ে গেছে। সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকাতেও ফুটপাত ও মহাসড়কসংলগ্ন সওজের জমি দখলমুক্ত হয়নি। আর এসব দোকান থেকে আগের মতোই চাঁদা আদায় করা হচ্ছে বলেও অভিযোগ করেন ব্যবসায়ীরা।
যোগাযোগমন্ত্রী ৮ ফেব্রুয়ারি ঢাকা-আরিচা মহাসড়ক পরিদর্শনে এসে হেমায়েতপুর, উলাইল, গেন্ডা ও সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক ও সড়কসংলগ্ন সওজের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা দোকান ও কাঁচাবাজার দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তাৎক্ষণিকভাবে তিনি সওজ কর্মকর্তা ও পুলিশকে দখল এলাকার ১৫ ফুট পর্যন্ত উদ্ধারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পর্যায়ক্রমে সরকারি রাস্তাসহ সব সরকারি জায়গা উদ্ধার করারও আশ্বাস দেন। পরিদর্শনকালে মন্ত্রী হেমায়েতপুরের অবৈধ বাজার থেকে চাঁদা আদায়কারী মুকুলসহ সব চাঁদাবাজকে গ্রেপ্তারের পাশাপাশি মহাসড়কে ইজিবাইক চলাচল বন্ধের নির্দেশ দেন। কিন্তু পুলিশ মুকুলকে গ্রেপ্তার করতে পারেনি। বন্ধ হয়নি ইজিবাইক চলাচলও।
এ ব্যাপারে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, গা ঢাকা দিয়ে থাকায় মুকুলকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। আর মন্ত্রীর নির্দেশের পর মহাসড়ক থেকে দোকানপাট তুলে দেওয়া হয়েছে। সওজের জমি থেকে পর্যায়ক্রমে দখলদারদের উচ্ছেদ করা হবে।
সাভারে আওয়ামী লীগের সাংসদ এনামুর রহমান বলেন, মন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের কাজ চলছে। ইতিমধ্যে গেন্ডা এলাকায় মহাসড়ক থেকে বাজার অপসারণ করা হয়েছে। চাঁদাবাজদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তার করা হবে।