আদালতের রায়ে উচ্ছেদ হওয়া নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর গ্রামের সেই ১৩টি পরিবারের পক্ষে জেলা প্রশাসক শাহিনা খাতুন বাদী হয়ে গতকাল মঙ্গলবার ডিক্রিদারদের বিরুদ্ধে মামলা করেছেন। সদরের জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে মামলাটি করা হয়। শুনানি শেষে আদালত বিতর্কিত ভূমির ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন।
এদিকে উচ্ছেদের ঘটনা তদন্তে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব সাইদুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের একটি দল আজ বুধবার নাটোরে আসবে। তারা সরেজমিন ঘটনাস্থলে যাবে এবং উভয় পক্ষের সঙ্গে কথা বলবে। জেলা প্রশাসক বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলার সরকারি কৌঁসুলির (জিপি) কার্যালয় সূত্রে জানা যায়, জেলা প্রশাসক বাদী হয়ে একটি বিজ্ঞাপনী মামলা করেছেন। মামলায় দাবি করা হয়েছে, হাল খতিয়ান মোতাবেক বিতর্কিত জমির মালিক জেলা প্রশাসক। জেলা প্রশাসক জমিটি উচ্ছেদ হওয়া ব্যক্তিদের বন্দোবস্ত দিয়েছেন। অথচ সরকারকে পক্ষ না করে ডিক্রিদারেরা একতরফাভাবে ডিক্রি লাভ করে আদালতের মাধ্যমে তাঁদের উচ্ছেদ করেছেন। এতে ১৩টি পরিবারে দুর্দশা নেমে এসেছে। এ কারণে ওই জমির ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। প্রাথমিক শুনানি শেষে আদালত মামলাটি গ্রহণ করেন এবং জমির ওপর স্থিতাবস্থার নির্দেশ দেন। একই সঙ্গে ডিক্রি কেন বাতিল করা হবে না, সে মর্মে বিবাদীদের কারণ দর্শাতে বলা হয়েছে।
জেলার সরকারি কৌঁসুলি আসাদুল ইসলাম মামলা করার বিষয়টি গতকাল রাত আটটার দিকে মুঠোফোনে বলেন, বিকেলে তাঁরা আদালতের আদেশ পেয়েছেন। আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই জমিতে স্থিতাবস্থা বজায় রাখার জন্য বলেছেন। ফলে আপাতত জমিটি উচ্ছেদ হওয়া পরিবারের নিয়ন্ত্রণে থাকবে। তাদের সেখান থেকে সরানো যাবে না।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুজ্জামান গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ওই জমিতে যেহেতু সরকারি স্বার্থ রয়েছে, তাই তাঁরা বাদী হয়ে মামলা করেছেন। জমিটি সরকার থেকে বন্দোবস্ত দেওয়া হয়েছে জেনেও ডিক্রিদারেরা সরকারকে পক্ষ না করে উচ্ছেদ করেছেন। এতে অর্ধশত মানুষ ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে। মানবিক কারণে সরকার আইনের আশ্রয় নিয়েছে।
এ ব্যাপারে বিবাদী বজলুর রশিদ বলেন, তাঁরা গতকাল সারা দিন আদালতে ছিলেন। অথচ মামলার ব্যাপারে তাঁরা কিছুই জানেন না। আদালত থেকে আদালতের আদেশ উঠিয়ে তাঁরা এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাবেন।