উচ্ছেদকৃত অনেক ব্যবসায়ী হাটে দোকান পাননি আজও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর নয়টি উপজেলায় ১৫৬টি হাটবাজার রয়েছে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সবচেয়ে বেশি দোকানপাট উচ্ছেদ করা হয়েছে তানোর ও বাঘা উপজেলার হাটবাজারে। নিয়মানুযায়ী পরে দোকানপাটের জন্য জমি একসনা বন্দোবস্ত দেওয়ার কথা থাকলেও সে সময় অল্প কিছু দোকানপাট বন্দোবস্ত দেওয়া হয়।আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর কিছু কিছু হাটবাজারে দলীয় বিবেচনায় দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। তবে বেশির ভাগ হাটবাজার নিয়মানুযায়ী বন্দোবস্ত দেওয়া হয়নি।জেলার তানোর উপজেলার গোল্লাপাড়া হাটের জায়গা প্রকৃত ব্যবসায়ীদের মধ্যে বন্দোবস্ত দেওয়া হয়নি অভিযোগ করে ব্যবসায়ীরা সরকারের বিরুদ্ধে মামলা করেছেন। ব্যবসায়ীদের অভিযোগ, গত তত্ত্বাবধায়ক সরকারের সময় গোল্লাপাড়া বাজারের দোকানপাট ভেঙে ফেলার পর অল্প কিছু দোকান বন্দোবস্ত দেওয়া হয়। যাঁদের দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে বেশির ভাগই অব্যবসায়ী।গোল্লাপাড়া হাটে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, তত্ত্বাবধায়ক সরকারের সময় ভেঙে ফেলা ১১৫টি দোকানের জায়গা ওই সময়ই একসনা বন্দোবস্ত দেওয়া হয়। তাদের মধ্যে অব্যবসায়ীদের সংখ্যাই বেশি। ওইসব ব্যবসায়ী নিয়ম ভঙ্গ করে দোকানের জায়গা বিক্রি করে চলে গেছেন, কেউ ভাড়া দিয়েছেন। এখন হাটের বাকি জায়গায় ব্যবসায়ীরা যে যারমতো দখল নিয়ে ব্যবসা করছেন। বন্দোবস্ত চেয়ে প্রায় ৫০০ ব্যবসায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেছেন। দরখাস্তগুলো যাচাই-বাছাই করে রাখা হয়েছে। কিন্তু তাঁদের বন্দোবস্ত দেওয়া হয়নি।ব্যবসায়ী ইকবাল সরকার বলেন, বন্দোবস্তের জন্য আবেদন করে ঘুরতে ঘুরতে হয়রান হয়ে তাঁরা ৬৪ জন ব্যবসায়ী গত ৬ জুন রাজশাহী সহকারী জজ আদালতে মামলা (মামলা নম্বর ৯৬/১২) করেছেন। সেই মামলার নিষ্পত্তি হয়নি আজও। তানোর উপজেলা সহকারী কমিশনার-ভূমি (এসিল্যান্ড) জয়নুল আবেদীন বলেন, তিনি ব্যবসায়ীদের একটি মামলার কথা শুনেছেন। এ বিষয়ে বিস্তারিত জানেন না। গোল্লাপাড়া হাটের জায়গা অবৈধ দখলের কথা স্বীকার করে তিনি বলেন, দখলদারদের উচ্ছেদের জন্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটা মামলা করা হয়েছে। অভিযান চালিয়ে তাদের উচ্ছেদ করা হবে। তারপর প্রকৃত ব্যবসায়ীদের মধ্যে বন্দোবস্ত দেওয়া হবে।তত্ত্বাবধায়ক সরকারের সময় বাঘা হাটের দোকানপাট ভেঙে ফেলা হয়। তখনকার ইউএনও হুমায়ুন কবির হাটের ১০১টি দোকান প্রকৃত ব্যবসায়ীদের মধ্যে বন্দোবস্ত দেওয়ার ব্যবস্থা নেন। সে সময় অব্যবসায়ী দোকানমালিকদের বরাদ্দ বাতিল করা হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দলীয় বিবেচনায় ২৭টি দোকান বন্দোবস্ত দেওয়া হয়েছে। আরও ১২টি দোকান বরাদ্দ দেওয়ার মতো জায়গা রয়েছে। এগুলোর জন্য ব্যবসায়ীরা আবেদন করেছেন। এখন পর্যন্ত সেগুলো বরাদ্দ দেওয়া হয়নি।বাঘা উপজেলায় দীর্ঘদিন থেকে সহকারী কমিশনার নেই। ইউএনও আব্দুস সোবহান জানান, তিনি এখানে যোগদান করার পর হাটবাজারের দোকান বরাদ্দের ব্যাপারে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি।