উচ্ছেদে বাধা, পক্ষে ছাত্রলীগ ফিরে গেলেন কর্মকর্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শহরের মুরাদপুর মৌজা প্রকাশ নূরপুর এলাকার ৮৯ শতক জায়গা মালিককে হস্তান্তর করতে গিয়ে দখলদারদের প্রতিরোধের মুখে পড়েন প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা। ওই ঘটনার প্রতিবাদে এলাকাবাসী সড়কে শুয়ে প্রতিবাদ জানায়। গতকাল বুধবার দুপুরে পুরোনো কুমিল্লা-চট্টগ্রাম সড়কের নূরপুর এলাকায় ওই ঘটনা ঘটে। একপর্যায় উচ্ছেদ না করেই কর্মকর্তারা ফিরে আসেন।দখলদারদের পক্ষ নিয়ে জেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা সেখানে সকাল থেকেই মহড়া দেন। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তাঁরা সেখানে অবস্থান নেন বলে সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র ও জায়গার মালিক দাবি করেন। জায়গার মালিক দাবিদার মোহাম্মদ শাহজাহান বলেন, ‘নূরপুর এলাকায় আমাদের ৮৯ শতক জায়গা রয়েছে। ওই জায়গার দখলদারদের আমরা একসময়ে জায়গা ও কিছু বাড়ি ভাড়া দিই। পরে তাঁরা ওই জায়গা না ছাড়লে ১৯৮২ সালে কুমিল্লার যুগ্ম জেলা জজ আদালতে মামলা করি। ২০০৬ সালের ১০ জুন আদালতের রায়ে ওই মামলা আমরা পাই। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি আদালত আমাদের জায়গা বুঝিয়ে দেওয়ার জন্য জেলা নাজির হারুন অর রশিদকে আদেশ দেন।’জেলা নাজির হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, ‘বুধবার সকালে পুলিশ এবং একজন ম্যাজিস্ট্রেট নিয়ে আমরা ঘটনাস্থলে যাই। কিন্তু যেখানে আগে থেকেই হাজার হাজার মানুষ সড়কে অবস্থান নেয়। তারা সড়ক অবরোধ করে রাখে। পরে আমরা ফিরে আসি।’সরেজমিনে গিয়ে দেখা গেছে, পুরোনো কুমিল্লা-চট্টগ্রাম সড়কের নূরপুর এলাকায় লোকজন সড়কের ওপর দাঁড়িয়ে আছে। সেখানে ১৮৬টি পরিবার রয়েছে। দখলদারেরা দাবি করেছে, শত বছর আগে থেকেই তারা সেখানে বসবাস রয়েছে। কেউ দোতলা-তিনতলা বাড়িও করেছে। তারা বেলা সাড়ে ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। অবরোধ চলাকালে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) নূর উর রহমান মাহমুদের অনুসারীরা সেখানে দখলদারদের পক্ষে মহড়া দেয়। এ ব্যাপারে উভয় নেতা প্রথম আলোকে বলেন, ‘শতবর্ষ আগ থেকে সেখানকার বাসিন্দারা ওই জায়গায় অবস্থান করছে। তা ছাড়া মামলাটি একতরফা হয়েছে। যে কারণে আমরা তাদের পক্ষে অবস্থান নিয়েছি।’গতকাল দুপুরে কুমিল্লার যুগ্ম জেলা জজ মোস্তফা আহমেদের আদালতের জায়গার বর্তমান দখলদার শাহ আলম ও আবুল হোসেন স্থগিতাদেশ চেয়ে আবেদন করেন। আদালত তা নামঞ্জুর করেন।ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ‘আমরা দখলদারদের উচ্ছেদ করতে গিয়ে জায়গার মালিক তথা ডিক্রিদারকে খুঁজে পাইনি। এ কারণে তা বুঝিয়ে দেওয়া সম্ভব হয়নি। সেখানে হাজার হাজার লোক রাস্তায় নেমে পড়ে। নারীরা রাস্তার শুয়ে পড়ে। সড়ক অবরোধ করে। এ অবস্থায় তাদের ডিঙিয়ে আমরা সেখানে যেতে পারি না। তা ছাড়া পুলিশও কম ছিল।’কুমিল্লার কোতোয়ালির মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, ‘আমরা উচ্ছেদ অভিযান না করেই ফিরে আসি। আদালতের নির্দেশনা বাস্তবায়ন করতে সেখানে যাই।’উচ্ছেদের বাস্তবায়ন প্রসঙ্গে আদালতে ২২ মার্চ প্রতিবেদন দেওয়ার নির্দেশ রয়েছে।