উচ্ছেদে বাধা দেওয়ায় কাউন্সিলরকে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ায় চট্টগ্রামে ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে ভ্রাম্যমাণ আদালত দুই বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন।

আজ বুধবার দুপুরে নগরের চান্দগাঁও টেকপাড়া খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করার সময় ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাঁকে গ্রেপ্তার করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন।

এর আগে মঙ্গলবার দুপুরে ওই কাউন্সিলর এবং তাঁর লোকজন একই এলাকায় উচ্ছেদের সময় বাধা দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই সময় উচ্ছেদ কার্যক্রম অসমাপ্ত রেখে ফিরে যান ম্যাজিস্ট্রেট।

জানা গেছে, আজ সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানের একপর্যায়ে একটি ঘর উচ্ছেদকে কেন্দ্র করে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুল আলম ও তাঁর সমর্থকেরা ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা দেন। এ সময় ম্যাজিস্ট্রেট তাঁদের সরে যাওয়ার নির্দেশ দেন। একপর্যায়ে ম্যাজিস্ট্রেট কাউন্সিলরকে গ্রেপ্তারের নির্দেশ দেন। অভিযানের সঙ্গে থাকা পুলিশ মাহবুবুল আলমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

নাজিয়া শিরিন বলেন, আদালতের কার্যক্রমে বাধা দেওয়ায় কাউন্সিলরকে গ্রেপ্তার করে দুই বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।