মুন্সিগঞ্জ সদর উপজেলার মাকহাটীতে নদ দখল করে নির্মিত অবৈধ প্রাচীর উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেটকে বাধা দেওয়ার কারণে গতকাল সোমবার থানায় মামলা করা হয়েছে। মামলায় নূর হিমাগারের মালিক ও ব্যবস্থাপককে আসামি করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মহাকালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন। পুলিশ জানায়, মামলায় নূর হিমাগারের মালিক সোহান কায়সার নূর ও ফয়সাল সাদ নূর এবং ব্যবস্থাপক মো. হাবিবুর রহমানকে আসামি করা হয়। জেলা প্রশাসক মো. সাইফুল হাসান গতকাল প্রথম আলোকে জানান, সরকারি কাজে বাধা প্রদানকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদ দখল করে নূর হিমাগার ১৭০ ফুট দীর্ঘ ও ১০ উচ্চতাসম্পন্ন দেয়াল (প্রাচীর) নির্মাণ করে। গত রোববার সদর উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা লাবণী চাকমা সেই দেয়াল উচ্ছেদ করতে গেলে হিমাগারের ব্যবস্থাপক হাবিবুর রহমান দলবল নিয়ে উচ্ছেদকাজে বাধা দেন। এতে উচ্ছেদ কার্যক্রম পণ্ড হয়ে যায়।