উচ্ছেদে সহায়তা না করলে এলাকায় কাজ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, যেসব ওয়ার্ড কাউন্সিলর সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে সহায়তা করবেন না, তাঁদের এলাকায় কোনো উন্নয়নকাজ করা হবে না। তিনি কাউন্সিলরদের উদ্দেশে বলেন, দখল উচ্ছেদমুক্ত করে সড়ক প্রশস্ত করার এখনই উপযুক্ত সময়।
গতকাল শেওড়াপাড়া এলাকার পীরেরবাগ সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শেষে আয়োজিত মতবিনিময় সভায় মেয়র এসব কথা বলেন। শেওড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে আগারগাঁও ৬০ ফুট পর্যন্ত সড়কে গত ১৮ জানুয়ারি থেকে উচ্ছেদ চালাচ্ছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল সড়কের উচ্ছেদের কাজ শেষ হয়।
শেওড়াপাড়া সড়কের উচ্ছেদের কাজ সমাপ্তি ঘোষণা করতে গতকাল ১৪ নম্বর ওয়ার্ডের অলি মিয়ার টেক এলাকায় এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় আনিসুল হক বলেন, ‘সব কাউন্সিলরকে বলেছি, এখনই সময়। আমরা অনেক পরিকল্পনা করেছি বিভিন্ন রাস্তার উন্নয়নকাজের। যারা এ কাজে সহায়তা করবে না, তাদের এলাকায় কাজ করব না।’ মেয়র বলেন, ‘আমার স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন, যে কাউন্সিলর এলাকায় রাস্তা পরিষ্কার করে দিতে পারবেন না, উচ্ছেদে সহায়তা করবেন না, সে কাউন্সিলরের এলাকায় আমরা উন্নয়নকাজ করব না।’ শেওড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে মধ্য পীরেরবাগ হয়ে সরকারি বাঙলা কলেজ পর্যন্ত সড়কটি প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ। নকশা অনুযায়ী সড়কটির প্রস্থ ৩০ ফুট। দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনার কারণে বাস্তবে সড়কটির প্রস্থ কোথাও ১০ ফুট, কোথাও ১৫ ফুট।