উচ্ছেদেও থামে না অবৈধ কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গতকাল মঙ্গলবার ধামরাইয়ের ছোট ইকুরিয়াসহ পাশের স্বর্ণখালি ও তেঁতুলিয়া এবং আশুলিয়ার সাধুপাড়া, রোস্তমপুর, চানগাঁও, পাড়াগ্রাম, নয়াপাড়া, দেওয়ন ও শাহীপাড়ায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছে। এসব গ্রামের অন্তত ১০ হাজার পরিবার দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছিল।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সাভার কার্যালয় সূত্রে জানা গেছে, সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অন্তত ৩৭৫ কিলোমিটার অবৈধ সংযোগ ছিল। এর মধ্যে কয়েক দফায় অভিযান চালিয়ে গত দেড় বছরে অন্তত ২০০ কিলোমিটার লাইন বিচ্ছিন্ন করা হয়। কিন্তু প্রভাবশালীরা পুনরায় প্রায় ১০০ কিলোমিটার লাইন নির্মাণ করে অবৈধভাবে সংযোগ দিয়েছেন।
সাভার তিতাসের একাধিক কর্মকর্তা বলেন, গত জুলাইয়ে সাভারের হেমায়েতপুর ও সেপ্টেম্বরে আশুলিয়ার বাসাইদ এলাকায় অভিযান চালিয়ে কয়েক কিলোমিটার অবৈধ লাইন বিচ্ছিন্ন করা হয়েছিল। কিন্তু মাস দু-একের মধ্যে ওই সব এলাকায় আবার অবৈধ সংযোগ দেওয়া হয়। কর্মকর্তারা বলেন, গতকাল আশুলিয়ার সাধুপাড়া, রোস্তমপুর, চানগাঁও, পাড়াগ্রাম, নয়াপাড়া, দেওয়ন ও শাহীপাড়ায় ৮ হাজার ফুট অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়। এসব গ্রামে ১৫ কিলোমিটার লাইন নির্মাণ করে অন্তত ১০ হাজার বাড়িতে অবৈধভাবে সংযোগ দেওয়া হয়েছিল।
আশুলিয়ার পাড়াগ্রাম, সাধুপাড়া ও নয়াপাড়ার অবৈধভাবে গ্যাস ব্যবহারকারীদের কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, স্থানীয় সেপাই ও আরাফাতসহ কয়েকজন ব্যক্তি তাঁদের কাছ থেকে ৫০-৬০ হাজার টাকা নিয়ে বছর চারেক আগে অবৈধ সংযোগের ব্যবস্থা করে দেন। পরে এই সংযোগ বৈধ করে দেওয়ার কথা বললেও তাঁরা আর কোনো কাজ করেননি। এমনকি টাকাও ফেরত দেননি।
তিতাসের সাভার কার্যালয়ের ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান বলেন, তথ্যপ্রমাণের ভিত্তিতে অবৈধ পাইপলাইন উচ্ছেদে মাঝেমধ্যেই অভিযান চালানো হয়। অবৈধ সংযোগ না নেওয়ার জন্য এলাকাবাসীকে সচেতন করতে তিতাসের পক্ষ থেকে মাইকিং ও প্রচারপত্রও বিতরণ করা হচ্ছে। এরপরও লোকজন টাকার বিনিময়ে অবৈধ সংযোগ নিয়ে থাকেন। তিনি বলেন, অভিযান চালিয়ে যেসব এলাকার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় ওই সব এলাকায় পুনরায় সংযোগ দেওয়া হয়। এ কারণে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেও সুফল পাওয়া যাচ্ছে না। যাঁরা এসব অবৈধ সংযোগের ব্যবস্থা করে দিয়ে থাকেন, নানা কারণে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।
তিতাসের মানিকগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল ধামরাইয়ের তিনটি গ্রামে অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার ফুট অবৈধ পাইপলাইন বিচ্ছিন্ন করা হয়েছে। দেড় কিলোমিটার লাইন নির্মাণ করে এসব গ্রামে অবৈধভাবে সংযোগ দেওয়া হয়েছিল। গতকালের অভিযানে ২৭টি বাড়ি থেকে অবৈধভাবে গ্যাস ব্যবহারের বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ধামরাই থানায় মামলার প্রস্তুতি চলছে।
অবৈধ গ্যাস ব্যবহারকারীদের কয়েকজন বলেন, যে প্রভাবশালীরা তাঁদের কাছ থেকে টাকা নিয়ে সংযোগের ব্যবস্থা করে দিয়েছিলেন, তাঁরা প্রতি মাসে তাঁদের (ব্যবহারকারী) কাছ থেকে চুলাপ্রতি বিলের নামে টাকাও নিতেন।
তিতাসের মানিকগঞ্জ কার্যালয়ের ব্যবস্থাপক রতন চন্দ্র দে বলেন, ধামরাইয়ের যে তিনটি গ্রামে গতকাল অভিযান চালানো হয়; গত বছরের ১৬ ফেব্রুয়ারি ও ৩১ মে দুই দফায় ওই এলাকায় অভিযান চালানো হয়েছিল।