গাজীপুরের জয়দেবপুর জংশনের আশপাশে রেলওয়ের বিভিন্ন জায়গায় অবৈধ স্থাপনা তৈরি করে ব্যবসা চালিয়ে যাচ্ছে দখলদারেরা। এসব স্থাপনা উচ্ছেদে বারবার অভিযান চালানো হয়। তবে তা স্থায়ী হয় না। দখলদারেরা প্রভাবশালী হওয়ায় রেলের জমি উদ্ধার হচ্ছে না।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, জয়দেবপুর রেল জংশন ও আশপাশের রেলের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা এসব দোকানপাটে মাদকসহ নেশাজাতীয় নানা দ্রব্য পাওয়া যায়। দোকানগুলোতে মাদকসেবীসহ অপরাধীদের আড্ডা বসে। মাদকসেবী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। এ ছাড়া ট্রেন থেকে নেমে স্টেশন ছাড়ার সময় নানা ঝামেলায় পড়ে যাত্রীরা। স্টেশনের ভেতর গড়ে ওঠা দোকানপাট ও হকারদের কারণে ভোগান্তিতে পড়তে হয় তাদের। অনেক সময় যাত্রীরা ছিনতাইকারী ও পকেটমারদের কবলে পড়ে।
এ ছাড়া স্টেশনের উত্তর দিকে রেলের জায়গায় বসছে ফলের বাজার। গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার এ বাজার উঠিয়ে দেওয়া হয়। তবে দখলদারেরা ফিরে এসে আবার দোকানপাট বসায়। জয়দেবপুর জংশনের উত্তর দিকের রেলক্রসিং ও লাইনের দুই পাশে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী মহল রেলওয়ের জমি দখলে নিয়ে পাকা-আধ পাকা দোকানঘর বানিয়ে ব্যবসা করে আসছে। স্থানীয়দের অভিযোগ, এসব স্থাপনা উচ্ছেদ করা হলেও সরকারদলীয় স্থানীয় প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় রাতারাতি তা আগের মতোই দখল হয়ে যায়।
জয়দেবপুর শহর এলাকার ব্যবসায়ী মোস্তফা আলী বলেন, জংশনটিতে এলাকার রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা-কর্মীরা দোকান বসিয়ে ব্যবসা করে আসছেন। এ কারণে কেউ কিছু বলতে পারছে না।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৪ আগস্ট জেলা প্রশাসনের উদ্যোগে এসব স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। কিছুদিন পর সেগুলো আগের অবস্থায় ফিরে আসে। দখলদারেরা বিভিন্ন জনের কাছ থেকে জামানত নিয়ে এসব দোকানপাট ভাড়া দিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, রেল জংশনের প্রাচীরের ভেতরে স্থায়ীভাবে দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান, গাজীপুর মহানগর ও জেলা শ্রমিক লীগের কার্যালয় খোলা হয়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এসব দোকান খোলা থাকে।
জংশনের স্টেশন মাস্টার সাইদুল ইসলাম বলেন, রেল জংশনে অবৈধ দোকানপাটের জন্য যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। এসব নিয়ে কথা বলা বিপজ্জনক।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দাদন মিয়া বলেন, ‘রেলের জমি দেখাশোনার দায়িত্ব রেলওয়ের সম্পত্তি বিভাগের। আমরা শুধু আইনশৃঙ্খলার বিষয়টি দেখে থাকি।’