উচ্ছেদ হবে—এমন খবর পেয়ে টিন ও বাঁশের বেড়া-খুঁটির স্থাপনা নিয়ে পালিয়ে গেছে দখলদারেরা। কিছু ভ্রাম্যমাণ দোকানঘরও সরিয়ে নেওয়া হয়। এ কারণে একটিমাত্র দোকানঘর ও পাঁচটি টংঘর ভেঙেই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের ইতি টানতে হয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক)। গতকাল মঙ্গলবার সকালে রাজউক গুলশান-বনানী লেকপাড়ে দ্বিতীয় দিনের মতো অভিযান চালাতে গিয়েছিল।
অভিযান পরিচালনাকারী দলের একাধিক সদস্য বলেন, গতকাল সকালে ২০ জন পুলিশ সদস্য ও নিজস্ব শ্রমিক সঙ্গে নিয়ে রাজউক গুলশান-বনানী সেতু এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করে। এ সময় ব্যবহার করা হয় উচ্ছেদ যান (পে-লোডার)। সেতুর কাছে একটি অবৈধ দোকানঘর ছিল। মো. সালাম নামের এক ব্যক্তি আওয়ামী লীগের নাম ভাঙিয়ে ওই দোকানঘর স্থাপন করেছিল। দোকানঘর ভাঙার সময় সালাম বা অন্য কেউ ছিল না। ওই এলাকায় পাঁচটির মতো টংঘর ভেঙে দেওয়া হয়।
অভিযানকারী দল গুলশান লেকের পায়ে চলার পথ ধরে চলতে গিয়ে দেখতে পায়, কোনো অবৈধ স্থাপনাই নেই। যদিও গত সোমবার পর্যন্ত বেশ কিছু অবৈধ স্থাপনা ছিল।
গুলশান লেক প্রকল্পের পরিচালক ও রাজউকের নির্বাহী প্রকৌশলী মো. মনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, আগের দিন সোমবারের অভিযানের ধারাবাহিকতায় গতকাল লেক এলাকায় গিয়ে তাঁরা অবাক হন। কারণ, বেশির ভাগ অবৈধ স্থাপনা ও চাকাযুক্ত ভ্রাম্যমাণ দোকানের মালিকই তাদের স্থাপনা ভেঙে নিয়ে সরে গেছে। রাজউকের অভিযানের খবর পেয়ে তারা এটা করেছে বলে মনে হয়। তিনি বলেন, তারা আবারও নতুন করে দখল নেয় কি না তা নিয়মিত দেখা হবে।
গত সোমবার রাজউক গুলশান লেকপাড়ে অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা ও বস্তিঘর উচ্ছেদ করে। দুই দিনের অভিযানেই নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম।
জলাধার সংরক্ষণ আইন ও ইমারত নির্মাণ আইন লঙ্ঘনের দায়ে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। এ ছাড় প্রথম আলোয় গত ১৫ জুন প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গুলশান লেকের কিছু স্থাপনা ভাঙার নির্দেশ দিয়েছেন।