রাজধানীর কল্যাণপুরে বস্তি উচ্ছেদের ঘটনার জন্য স্থানীয় সাংসদ আসলামুল হককে দায়ী করেছেন বস্তির বাসিন্দারা। তাঁদের দাবি, বস্তি উচ্ছেদের সময় সাংসদ নিজে উপস্থিত ছিলেন।
গতকাল বৃহস্পতিবার রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বস্তির বাসিন্দারা এই অভিযোগ করেন। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ, আগুনে ক্ষতিগ্রস্ত বস্তির বাসিন্দাদের সীমাহীন দুর্ভোগসহ সার্বিক পরিস্থিতি জানাতে এ সংবাদ সম্মেলন করা হয়। নগর দরিদ্র বস্তিবাসী উন্নয়ন সংস্থা (এনডিবাস), নগর বস্তিবাসী উন্নয়ন সংস্থা (এনবাস), বস্তিবাসীর অধিকার সুরক্ষা কমিটি ও বাংলাদেশ বস্তিবাসী ইউনিয়ন নামের চারটি সংগঠন এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় বস্তির শ খানেক বাসিন্দা উপস্থিত ছিলেন।
কল্যাণপুরে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের জমিতে গড়ে ওঠা বস্তি ২১ জানুয়ারি উচ্ছেদ করতে আসে কর্তৃপক্ষ। সে সময় পুলিশের সঙ্গে বস্তির বাসিন্দাদের কয়েক দফা সংঘর্ষ হয়। পরে ওই দিন দুপুরে হাইকোর্ট বস্তি উচ্ছেদ কার্যক্রমে তিন মাসের নিষেধাজ্ঞা দিলে আংশিক উচ্ছেদ করেই ফিরে যায় হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট কর্তৃপক্ষ।
পরদিন সকালে বস্তির ৮ নম্বর অংশে আগুন লাগে। এতে বেশ কয়েকটি ঘর পুড়ে যায়। বস্তির বাসিন্দাদের অভিযোগ, বস্তি উচ্ছেদ করতে ব্যর্থ হয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আগুন লাগানো হয়েছিল।
পোড়া বস্তির ৮ নম্বর অংশের বাসিন্দা জান্নাত বেগম ২১ জানুয়ারি উচ্ছেদের সময় নাকে ইটের আঘাত পেয়েছিলেন। গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সকাল ১১টার দিকে আমরা বিক্ষোভ করতেছিলাম পুনর্বাসন ছাড়া উচ্ছেদ চলবে না। তখনো ভাঙা শুরু করে নাই। পৌনে ১২টার দিকে এমপি আসলাম সাদা পাঞ্জাবি পইড়্যা দাঁড়ানো ছিল। ভাঙে না দেইখ্যা বুলডোজারের ড্রাইভাররে কয়, এই তুই নাম। বুলডোজার না চালাইলে আমারে চালাইতে দে।’ এ সময় মিলনায়তনে উপস্থিত বস্তির কয়েকজন বাসিন্দা হাত তুলে জান্নাতের বক্তব্যের সমর্থন জানান ও চিৎকার করে বলেন, ‘আমরাও দেখছি।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন এনবাসের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হান্নান আকন্দ। লিখিত বক্তব্যে বস্তির বাসিন্দাদের পক্ষে যেসব দাবি তুলে ধরা হয় তার মধ্যে রয়েছে পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধ করা, উচ্ছেদ হওয়া প্রায় ১ হাজার ২০০ ঘরের বাসিন্দার পুনর্বাসন করা, বহিরাগত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ।
অভিযোগের বিষয়ে জানতে গতকাল মুঠোফোনে কয়েকবার চেষ্টা করে সাংসদ আসলামুল হককে পাওয়া যায়নি। অবশ্য এর আগে শুক্রবার এই অভিযোগের বিষয়ে তিনি প্রথম আলোকে বলেছিলেন, ‘বস্তির জায়গা একটি সরকারি সংস্থার। তারা উচ্ছেদ করছে। এখানে আমার তো কোনো সম্পর্ক নেই। অনেকে অনেক কিছু বলতে পারে, বললেই হবে না। বস্তির লোকজন যে অভিযোগ করেছে, তা ভিত্তিহীন।’