
বছর ঘুরে ২৬ মার্চ আর ১৬ ডিসেম্বর এলেই ভাসমান দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদের তোড়জোড়। বাকিটা সময় দখলকারীরা সড়ক ও ফুটপাতের টুঁটি চেপে ধরে রাখলেও কোনো খোঁজ থাকে না উচ্ছেদকারীদের।
এ বছরও সেই গৎবাঁধা নিয়মের ব্যতিক্রম দেখল না ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত এলাকা। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস সামনে রেখে গতকাল বুধবার ও আগের দিন মঙ্গলবার এ সড়কের হেমায়েতপুর, গেন্ডা এবং সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। অভিযানকালে ফুটপাত এবং ফুটপাতসংলগ্ন থেকে প্রায় তিন হাজার ভাসমান দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্বে দেন সওজ অধিদপ্তরের নির্বাহী হাকিম এবং এস্টেট ও আইন কর্মকর্তা মো. মিজানুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, এখন থেকে শুধু ২৬ মার্চ আর ১৬ ডিসেম্বর এলে নয়, যতবার সড়কের জায়গা দখল হবে, ততবার উচ্ছেদ করা হবে। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘এবার যেসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলো আবার বসলে আমাকে ফোন করবেন। আবার এসে উচ্ছেদ করে দিয়ে যাব।’
সওজ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের পশ্চিম পাশে মনসুর মার্কেটের সামনে থেকে শিমুলতলা এবং পূর্ব পাশে নিউমার্কেট থেকে রানা প্লাজা পর্যন্ত এলাকায় সওজ জমিতে দুই হাজারের বেশি ভাসমান দোকান ও অবৈধ স্থাপনা ছিল। একইভাবে গেন্ডা এলাকাতেও সওজের জমি ও মহাসড়ক দখল করে রেখেছিল কয়েক শ ভাসমান দোকান এবং অবৈধ স্থাপনা। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে এসব স্থাপনার অধিকাংশ আংশিক ও পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়।
সাভার বেদেপল্লির পোড়াবাড়ি সমাজকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক রমজান আহাম্মেদ বলেন, সওজের অনুমতি নিয়ে সাভার সিটি সেন্টারের সামনে সওজের জমিতে উত্তরণ ফ্যাশনসের (বেদে সম্প্রদায়ের একটি প্রতিষ্ঠান) একটি শোরুম নির্মাণ করা হয়েছিল। গতকালের অভিযানে এর আংশিক ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু তাঁদের স্থাপনার পাশে অনেক স্থাপনা অক্ষত রয়েছে।
গতকাল সরেজমিনে দেখা যায়, মহাসড়কের গেন্ডা এলাকার পূর্ব পাশের কয়েক শ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কিন্তু পশ্চিম পাশের অনেক স্থাপনা অক্ষত রয়েছে। এ ছাড়া হেমায়েতপুর এলাকার অর্ধশতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করা হয়।
গেন্ডা এলাকার কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, অভিযানে তাঁদের স্থাপনা উচ্ছেদ করা হলেও একই স্থানে থাকা আরও অর্ধশতাধিক স্থাপনা অক্ষত রয়েছে। সেগুলোও সওজের জমিতে অবৈধভাবে নির্মাণ করা হয়েছে।
এ প্রসঙ্গে সওজ ঢাকার নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান বলেন, ১৬ ডিসেম্বর উপলক্ষে আপাতত মহাসড়কের পাশের ভাসমান দোকানসহ কিছু অবৈধ স্থাপনা গতকাল উচ্ছেদ করা হয়েছে। পরে বাকি স্থাপনাগুলোও উচ্ছেদ করা হবে।
নির্বাহী হাকিম মিজানুর রহমান বলেন, ২০১৫ সালের আগে সওজের নিজস্ব হাকিম ছিল না। ফলে ইচ্ছা থাকলেও নিয়মিত উচ্ছেদ অভিযান চালানো যায়নি। এখন থেকে নিয়মিত অভিযান চালাবে সওজ।