ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা চলে সারা বছরই। কিন্তু ঈদ সামনে রেখে সেই তৎপরতা বেড়েছে বহুগুণ। হকারদের কারণে খুলনা নগরের বেশির ভাগ রাস্তায় এখন নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে। তাতে ভোগান্তি পোহাচ্ছেন কেনাকাটা করতে আসা লোকজন।
খুলনা সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের দাবি, সড়ক ও ফুটপাত দখলের বিরুদ্ধে প্রায়ই অভিযান চালানো হয়। কিন্তু অভিযান শেষে তা আবার দখল হয়ে যায়।
সদর ফাঁড়ির ইনচার্জ সৈয়দ মো. আলমগীর হোসেন বলেন, রমজানের প্রথম দিকে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। কিন্তু আধা ঘণ্টা পর আবার দোকান বসে যায়। বিভিন্ন মহলের চাপে ঈদের আগে উচ্ছেদ করা সম্ভব হচ্ছে না। ঈদের পর বড় আকারে অভিযান চালানো হবে।
অভিযোগ পাওয়া গেছে, রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসার পেছনে মূলত পুলিশই দায়ী। তারা দখলমুক্ত করার বদলে ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন চাঁদা নিচ্ছে।
খুলনা নগরের আয়তন ৪৬ বর্গকিলোমিটার। নগরে পাকা সড়ক আছে ৬৪১ কিলোমিটার। এসব সড়কে ফুটপাতের সঠিক হিসাব না থাকলেও গুরুত্বপূর্ণ সড়কগুলোর প্রায় ২৫ কিলোমিটার ফুটপাত বেদখল হয়ে আছে।
রবি ও সোমবার সরেজমিনে দেখা গেছে, শিববাড়ী মোড় থেকে বাংলাদেশ ব্যাংক মোড়, রূপসা ফেরিঘাট থেকে রয়েল মোড় হয়ে ডাকবাংলা মোড়, শিশু হাসপাতাল রোড, পিকচার প্যালেস মোড়, পিটিআই মোড়, ক্লে রোড, স্টেশন রোড, কদমকলা রোডসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোর দুই পাশ দিয়ে পথচারীদের চলাচলের সুযোগ নেই। কালীবাড়ী এলাকার স্যার ইকবাল রোড ও ক্লে রোডের দুই পাশের ফুটপাত সম্পূর্ণ হকারদের দখলে। বড়বাজার এলাকায় কালীবাড়ী রোডের দুই পাশের ফুটপাত ও সড়কে পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। স্টেশন রোড ট্রাকে ঠাসা। সেখানে বসেছে চা-বিড়ির দোকান।
বাংলাদেশ ব্যাংকের মোড় থেকে ডাকবাংলা, ক্লে রোড ও খুলনা শপিং কমপ্লেক্সের সামনে রাস্তার একাংশ চলে গেছে হকারদের দখলে। সেসব স্থানে ত্রিপল টানিয়ে চলছে ব্যবসা। রাস্তার মাঝখানে ভ্যান রেখেছেন ব্যবসায়ীরা। এ কারণে এসব এলাকায় সার্বক্ষণিক যানজট লেগে আছে।
পিকচার প্যালেস মোড়ে কথা হয় চিকিৎসক হাসান মাহমুদের সঙ্গে। তিনি বলেন, ফুটপাত দিয়ে হাঁটার কায়দা নেই। আগে বাধ্য হয়ে রাস্তার মাঝখান দিয়ে চলা গেলেও এখন তা-ও পারা যাচ্ছে না। ঈদের কারণে এখন সড়কের মাঝ পর্যন্ত চলে গেছে দোকানপাট।
ক্লে রোড ও খুলনা শপিং কমপ্লেক্স এলাকার পাঁচজন ভ্রাম্যমাণ ব্যবসায়ী জানান, তাঁরা প্রতিদিন পুলিশের মনোনীত প্রতিনিধিকে ভ্যান ও দোকানপ্রতি ১০ টাকা দেন। ঈদের কারণে বেশিও দিতে হচ্ছে। সাদাপোশাকের একজন লোক সন্ধ্যায় এসে ওই টাকা নিয়ে যান।
জানতে চাইলে ওই এলাকায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘আমি নতুন যোগদান করেছি। এ ব্যাপারে কিছুই জানি না। যদি কেউ এমন করে, তবে তাকে ছাড় দেওয়া হবে না।’ খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হান্নান বিশ্বাস বলেন, ‘আপাতত আমাদের ম্যাজিস্ট্রেট নেই। তাই অভিযান চালানো সম্ভব হচ্ছে না।’
সিটি করপোরেশনের সঙ্গে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত হয়েছে জানিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম অজিয়ার রহমান বলেন, তবে ঈদের আগে বড় অভিযান চালানো হবে না। এতে জনদুর্ভোগ বাড়বে। তাই সহনশীল মাত্রায় অভিযান চালানো হচ্ছে।