উচ্ছেদের পর আবার সড়ক দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে নতুন পুলিশ কমিশনার দায়িত্ব নেওয়ার পরের দিন গত মঙ্গলবার পুলিশ নগরের সড়কগুলো দখলমুক্ত করার অভিযানে নামে। কিন্তু অভিযান শেষ হলেও দোকানগুলো যেখানে ছিল, সেখানেই রয়ে গেছে।
দোকানিরা দাবি করছেন, তাঁরা পুলিশকে পয়সা দিয়েই সড়কে বসে ব্যবসা করেন। মঙ্গলবার সকালে পুলিশ নগরের সাহেববাজার এলাকার সড়ক দখলমুক্ত করার অভিযানে বের হয়। তারা সড়কের ব্যবসায়ীদের দোকানের ওপরের পলিথিনের চালা ফেলে দেয় এবং বাজারের ভেতরে গিয়ে দোকান করার জন্য চাপ দেয়।
অভিযান চলাকালে রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (সদর) আবু সালেহ মোহাম্মদ শাহ গোলাম মাহমুদ বলেন, নতুন কমিশনার এসেই বলেছেন, রাজশাহীর এত সুন্দর সড়ক। অথচ এগুলো ব্যবসায়ীরা দখলে নিয়ে ব্যবসা করছেন। এতে যানজটের সৃষ্টি হচ্ছে। তাই তিনি এগুলো উচ্ছেদের নির্দেশ দেন। এ জন্য অভিযান চালানো হচ্ছে। তবে ফুটপাতের দোকানিদের তাঁরা কিছু বলেননি। তাঁরা সামনের দোকানের সঙ্গে সেটা বুঝবেন।
এ অভিযানের পর গতকাল বুধবার নগরের সাহেববাজার এলাকায় গিয়ে দেখা যায়, যে দোকান যেখানে ছিল, সেখানেই রয়ে গেছে। দেখা যায়, নগরের আরডিএ মার্কেটের পাশের সড়কের ওপর আগের মতোই একজন দোকানি চুলা জ্বালিয়ে ঝুরি ভাজছেন। সেই সঙ্গে অন্যান্য পসরা মেলে বসেছেন। আগের দিন পুলিশ এই দোকানটি সরানোর চেষ্টা করছিল। পাশের ফলের দোকানগুলো আগের মতোই সারিবদ্ধভাবে রাস্তার ওপর পসরা সাজিয়ে বসে আছে। দোকানিরা রাস্তার দক্ষিণ পাশে ফুল-ফল থেকে শুরু করে সব ধরনের জিনিস বিক্রি করছেন।
একইভাবে রাস্তার উত্তর পাশে কাপড়ের দোকান বসেছে। শুধু যাদের দোকানের ওপর পলিথিন ছিল, গতকাল সেই পলিথিন ছিল না।
পুলিশের অভিযানের ব্যাপারে একজন দোকানি বলেন, তাঁরা পুলিশকে পয়সা দিয়েই সড়কের ওপরে দোকান বসিয়েছেন। মাসের ১ থেকে ২ তারিখের মধ্যেই পুলিশ এসে পয়সা নিয়ে যায়। তা ছাড়া স্থানীয় কিছু প্রভাবশালী রয়েছে, তাদেরও কিছু দিতে হয়। তবে পুলিশই প্রধান। একজন ব্যবসায়ী বলেন, ৩০ বছর ধরে এই সড়কের ওপরই ব্যবসা করছেন। দেখে দেখে তাঁদের অভ্যাস হয়ে গেছে। কমিশনার বদল হলেই পুলিশ ওই রকম ভাব দেখানোর জন্য আসে।
গতকাল উপকমিশনার (সদর) প্রথম আলোকে বলেন, ‘এটা একটা চলমান প্রক্রিয়া। একবার উঠাব, আবার বসবে, আবার উঠাব। এভাবেই আস্তে আস্তে তাদের উচ্ছেদ করতে হবে। এক দিনে সব হবে না। কমিশনার স্যার কারও সঙ্গে খারাপ ব্যবহার করতে নিষেধ করেছেন।’