উচ্ছেদের পরপরই আবার দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। অন্যদিকে আবার সেগুলো দখল হয়ে যাচ্ছে। উচ্ছেদ অভিযানের নামে দিনের পর দিন এভাবেই চলছে ভাঙা-গড়ার খেলা। এই চিত্র ঢাকার দুই সিটি করপোরেশনের।
এ পরিস্থিতিতে ঢাকার দুই সিটি করপোরেশনে আজ সোমবার থেকে ব্যাপক প্রস্তুতি নিয়ে শুরু হচ্ছে ফুটপাত দখলমুক্ত অভিযান।
ঢাকার নবনির্বাচিত দুই মেয়র ও সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন, এবার আর দখলমুক্ত ফুটপাত নতুন করে দখল হতে দেওয়া হবে না। আজ উচ্ছেদ অভিযানের প্রথম দিন গুলিস্তান এলাকায় অভিযান চালানো হবে। ১২ জুন ফার্মগেট এলাকায় ও ১ জুলাই থেকে সারা ঢাকায় পর্যায়ক্রমে এই অভিযান চলবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, ‘আজ গুলিস্তানের কয়েকটি দখল হয়ে যাওয়া সড়ক উদ্ধারে অভিযান চালানো হবে। অভিযান অব্যাহত থাকবে। তবে স্থায়ী সমাধানের জন্য আলাপ-আলোচনার মাধ্যমেও সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার কাজ অব্যাহত থাকবে।’
গত দেড় বছরে দুই সিটি করপোরেশন রাজধানীর বিভিন্ন স্থানে শতাধিক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। এ বছরই অভিযান হয়েছে এমন অন্তত ২০টি স্থান ঘুরে দেখা গেছে, প্রতিটি স্থানই আগের মতোই হকার আর ব্যবসায়ীদের দখলে চলে গেছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, গত ১৬ নভেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশন ঢাকঢোল পিটিয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মধ্য বেগুনবাড়ী এলাকার সড়কের দুপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। এর মধ্যে আওয়ামী লীগের অবৈধ ওয়ার্ড কার্যালয়টিও ছিল। এ ছাড়া আরও প্রায় অর্ধশত দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
কিন্তু উচ্ছেদের পরদিনই ব্যবসায়ীরা নিজ নিজ জায়গায় অস্থায়ী দোকান বসিয়ে ফের ব্যবসা শুরু করে দেন। বর্তমানে সড়কের দুপাশ আগের সেই অবস্থাতেই ফিরে গেছে। পথচারীরা ফুটপাত ব্যবহার করতে পারছে না।
একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল শাহবাগের অবৈধ ফুলের দোকান উচ্ছেদের বেলাতেও। ২২ নভেম্বর শতাধিক দোকান উচ্ছেদ করা হয়। কিন্তু উচ্ছেদের দিন বিকেলেই আবার দোকানদারেরা তা দখল করে নেয়। ভেঙে ফেলা সব দোকান আবার নতুন করে গড়ে উঠেছে। উচ্ছেদের সময় শাহবাগ থানার পুলিশও সেখানে উপস্থিত ছিল।
এ দুটি স্থানের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করার ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশনা ছিল। কিন্তু আদালত, প্রশাসন, পুলিশ ও সিটি করপোরেশন—কেউ-ই দখলদারদের কাছ থেকে জায়গা মুক্ত করতে পারছে না। মূলত ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে যুক্ত স্থানীয় প্রভাবশালীদের কারণেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকেও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। ম্যাজিস্ট্রেট চলে যাওয়ার পরপরই আবার ওই স্থান দখল হয়ে যায়। এই এলাকায় যুবলীগের একটি কার্যালয় আছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বললেন, ‘এখানকার নেতাদের নিয়মিত টাকা দিতে হয়।’
এ ছাড়াও অভিযান চালানো হয়েছিল পুরান ঢাকার ইংলিশ রোড, বাবুবাজার ট্রাকস্ট্যান্ড-সংলগ্ন এলাকা, শিল্পকলা একাডেমীর সামনের সড়ক, মিরপুর-১ নম্বর এবং প্রগতি সরণিতে। সম্প্রতি ওই এলাকাগুলো ঘুরে আবারও দখলদারদের অবৈধ স্থাপনা চোখে পড়ে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেন, ‘ফুটপাত দখল একজন সাধারণ হকারের পক্ষে সম্ভব না। এর পেছনে প্রভাবশালীদের হাত থাকে। হকাররা শুধু টাকার বিনিময়ে বসে।’ তিনি আরও বলেন, এবার সব পক্ষের সঙ্গে আলোচনা করে অভিযান শুরু হতে যাচ্ছে। পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ সড়কের ফুটপাতগুলো দখলমুক্ত করা হবে।