
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপথের (সওজ) জায়গায় অবৈধভাবে গড়ে তোলা প্রায় ১ হাজার ৫০০ অবৈধ স্থাপনা গতকাল বুধবার উচ্ছেদ করা হয়। অভিযোগ রয়েছে, উচ্ছেদের পরপরই এসব দোকানপাট আবার বসানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কাঁচপুর এলাকায় দোকানপাট নির্মাণ করে মাসে প্রায় অর্ধকোটি টাকা চাঁদা আদায় করছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা। প্রতি দোকান থেকে মাসিক ও দৈনিক হিসেবে এ চাঁদার টাকা আদায় করা হচ্ছে। আর এসব দোকান থেকে অগ্রিম বাবদ ৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তাঁরা। কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় কাঁচপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোশারফ ওমর দেড় শতাধিক দোকান বসিয়ে প্রতিদিন কয়েক হাজার টাকা চাঁদা তুলছেন। সোনারগাঁ ফিলিং স্টেশনের সরকারি জায়গা দখল করে কাঁচপুর শিল্পাঞ্চল শ্রমিক লীগের এক নেতা চার শতাধিক দোকান নির্মাণ করে প্রতি মাসে ২ লাখ টাকা, আরেক ব্যক্তি দুই শতাধিক দোকান বসিয়ে প্রতিদিন ৮-১০ হাজার টাকা চাঁদা তুলছেন। এ ছাড়া কাঁচপুর ইউনিয়ন যুবলীগ ও আওয়ামী লীগের কয়েকজন নেতা কয়েক শ দোকান বসিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন।
কাঁচপুর এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী বাবুল হোসেন ও শামীম মিয়া বলেন, সড়ক ও জনপথ লোক দেখানো অভিযান চালায়। উচ্ছেদের পরপরই আবার অবৈধ দখলদারেরা দোকানপাট নির্মাণ করে ফেলে। তাঁরা আরও বলেন, ‘যতবার দোকান ভাঙা হয়, ততবার আমাদের অগ্রিম টাকা দিতে হয়।’
ক্ষুদ্র ব্যবসায়ী আবুল হোসেন বলেন, ‘যতবার দোকান উচ্ছেদ করা হয়েছে, ততবারই সওজের কর্মকর্তা ও পুলিশকে দেওয়ার কথা বলে আমাদের কাছ থেকে অগ্রিম বাবদ টাকা নেওয়া হয়েছে। বারবার অগ্রিম টাকা দিয়ে আমরা নিঃস্ব হয়ে পড়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মোশারফ ওমর বলেন, দলীয় কর্মীরা দৈনিক হারে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে ভাড়া আদায় করে থাকেন। বিএনপির আমলেও ফুটপাত থেকে চাঁদা তোলা হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম আলী সরদার বলেন, সওজের জায়গা অবৈধভাবে দখল করে স্থানীয় চাঁদাবাজেরা দোকানপাট নির্মাণ করায় কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়ে দূরপাল্লার যাত্রীরা। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। চাঁদাবাজেরা যাতে আবার ফুটপাত দখল করতে না পারে, সে জন্য ব্যবস্থা নেওয়া হবে।
নারায়ণগঞ্জ সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ইমরান ফারহান বলেন, মহাসড়কের কাঁচপুর এলাকায় সড়ক ও জনপথের ফুটপাতের জায়গা অবৈধভাবে দখল করে দোকান নির্মাণ করে ব্যবসা করে আসছে একটি প্রভাবশালী মহল। এতে প্রতিনিয়ত মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। মহাসড়ক যানজটমুক্ত করার লক্ষ্যে এই অভিযান চালানো হয়েছে।
অভিযানে নেতৃত্বে দেন সওজের বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকী। অভিযানে অংশ নেন নারায়ণগঞ্জ সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ইমরান ফারহান, উপপ্রকৌশলী সোহেল মাহামুদ, ওসি আব্দুল কাইয়ুম আলী সরদার, সার্ভেয়ার হুমায়ুন আহাম্মেদ, সোহেল মাহামুদ, কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক পরিদর্শক তৈয়বুর রহমান প্রমুখ।