কক্সবাজারের হিমছড়িতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে গতকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শতাধিক দোকান বন্ধ রাখেন স্থানীয় ব্যবসায়ীরা। এ সময় তাঁরা বিনা নোটিশে দোকান উচ্ছেদের জন্য কক্সবাজার (দক্ষিণ) বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আলী কবিরের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন।
গত রোববার বিকেলে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হকের নেতৃত্বে বন বিভাগ হিমছড়ির ঝরনা এলাকার জাতীয় উদ্যানের বনভূমি দখল করে গড়ে তোলা দোকানে উচ্ছেদ অভিযান চালায়। এ সময় উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া বনকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে।
গতকাল বিকেলে হিমছড়ি বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দোকান মালিক সমিতি। সমাবেশে বক্তব্য দেন হিমছড়ি বাজার দোকান মালিক সমিতির সভাপতি ও খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান আবদুল মাবুদ, আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন, যুবলীগ নেতা আবদুল্লাহ বিদ্যুৎ, জেলা স্বেচ্ছাসেবক লীগ নুরুল আলম প্রমুখ।
আবদুল মাবুদ অভিযোগ করেন, বিনা নোটিশে উচ্ছেদের নামে ৪০ বছরের পুরোনো শতাধিক দোকান ভাঙচুর করা হয়েছে। এতে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। তাঁর অভিযোগ, ডিএফও আলী কবিরের নামে হিমছড়ি বিট কর্মকর্তা প্রতিটি দোকান থেকে তিন লাখ টাকা দাবি করেন। আলী কবিরকে বদলি না করা পর্যন্ত দোকান বন্ধ থাকবে।
অভিযোগের বিষয়ে ডিএফও আলী কবির বলেন, হিমছড়ির জাতীয় উদ্যানে জমি দখল করে অবৈধভাবে দোকানপাট গড়ে তোলা হয়েছে। দোকানের মালিকদের কাছে ঘুষ চাওয়ার অভিযোগ ভিত্তিহীন। উচ্ছেদ করা জায়গায় অবৈধভাবে আবারও দোকান স্থাপনের জন্য এসব কথা বলা হচ্ছে।