
হাতে হাতে জাতীয় পতাকা। অনেকে সেই পতাকা যত্ন করে বেঁধেছেন মাথায়। অনেকে লাল-সবুজের পতাকা নিয়ে ঘুরে ঘুরে মিছিল করছেন ‘বাংলাদেশ’ ‘বাংলাদেশ’ স্লোগানে। চারপাশে বাজছে ঢাকঢোলসহ নানা বাদ্য। তালে-বেতালে নাচছেন হাজার হাজার শিক্ষার্থী। চলছে রং ছিটানো। বাঘের পুতুল নিয়েও হাজির কেউ কেউ। উচ্ছ্বসিত, উল্লসিত। এ যেন আসলেই উচ্ছ্বাসের বাংলাদেশ, আনন্দের এক বাংলাদেশ।
বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে ওঠার পর গতকাল সন্ধ্যায় এমনই উৎসবমুখর পরিবেশ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। উৎসবের সেই মিছিলে ছিলেন হাজারো মানুষ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ছাত্রছাত্রীরা এসেছেন। মোটরসাইকেল বা গাড়িতে করে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন সাধারণ মানুষ। অনেকে রিকশা থেকে নেমেও যোগ দিয়েছেন উৎসবে। শিশু-কিশোর-তরুণ-ছাত্রছাত্রী সবার স্লোগানে টিএসসি যেন গতকাল বিকেলে হয়ে উঠল এক টুকরো অ্যাডিলেড। সন্ধ্যা পেরিয়ে সেই উৎসব বিস্তৃত হলো রাত পর্যন্ত।
টিএসসিতে উচ্ছ্বাসরত এমনই একদল তরুণ-তরুণী নাহিদা ইসলাম, তিথি চক্রবর্তী, জুবলী রহমত, মিথিলা নুসরাত ও উম্মে হাবিবা এবং তাঁদের বন্ধুরা। সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। বাংলাদেশের জয়ের পর ঘণ্টা দুয়েক ধরে তাঁরা টিএসসিতে নেচে-গেয়ে উৎসব করেছেন। এর অগে মিছিল নিয়ে ঘুরে এসেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা। নাহিদা ও তিথি জানালেন, বাংলাদেশের খেলা উপলক্ষে তাঁরা তিন দিন আগে রং কিনেছেন। গতকাল সারা দিন মধুর ক্যানটিনে ঢাকঢোল বাজিয়ে খেলা দেখেছেন। খেলা শেষে এখন উৎসব করছেন টিএসসিতে।
নাহিদা ইসলাম প্রথম আলোকে বলেন, ‘জানুয়ারিতে প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। এরই মধ্যে বিশ্বকাপ শুরু। বন্ধুরা সবাই একসঙ্গে খেলা দেখলাম। কখনো আনন্দে ভাসছিলাম। আবার পরাজয়ের শঙ্কায় কাঁদছিলাম। কিন্তু রুবেল এসে শেষ মুহূর্তে আমাদের সবাইকে উচ্ছ্বাসে ভাসিয়েছে। এখন আমরা ভারতকে হারিয়ে সেমিফাইনালে যাব।’ কথা শেষ করার আগেই তাঁর বন্ধুরা আবার শুরু করলেন স্লোগান।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মাসুদুর রহমান গায়ে রং মাখিয়ে বন্ধুবান্ধবকে নিয়ে টিএসসিতে গোল হয়ে নাচছেন আর ‘বাংলাদেশ’ ‘বাংলাদেশ’ বলে স্লোগান দিচ্ছেন। রাজু ভাস্কর্যের সামনে জনসমুদ্র। চারপাশে মানুষ আর মানুষ। তারই মধ্যে লম্বা একটা বাঁশে জাতীয় পতাকা নিয়ে একাই স্লোগান দিচ্ছেন তসলিম রানা। খেলা শেষে বিজয়নগর থেকে রিকশায় চড়ে পতাকা নিয়ে ছুটে এসেছেন টিএসসিতে। বহুদিন পর তাঁর এমন আনন্দ! দুই যমজ ভাই আরাফাত রহমান ও রিফাত রহমান বন্ধুদের নিয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে নাচছিলেন। তাঁরা সবাই পুরান ঢাকা থেকে খেলা শেষে টিএসসিতে এসেছেন।
বাংলাদেশের জয়ে কেমন লাগছে জানতে চাইলে উচ্ছ্বাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র রিয়াজুল হক বলেন, ‘বাংলাদেশের এই জয় আমাদের বিশাল প্রাপ্তি। কতটা উচ্ছ্বসিত সেটা ভাষায় প্রকাশ করতে পারব না।’ বাংলাদেশের জার্সি পরা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সঞ্জীব কুমার বলেন, ‘টিএসসিতে বসেই খেলা দেখেছি। আমার জীবনে এমন আনন্দের দিন খুব কম এসেছে।’
ঢাকার সেন্ট্রাল রোড থেকে পুরো পরিবার নিয়ে টিএসসি এসেছিলেন ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। হাতে তাঁর বাঘের বিশাল এক প্রতিকৃতি। উচ্ছ্বাসরত এই যুবক বলেন, ‘আনন্দ করতেই এখানে ছুটে এসেছি।’
টিএসসি পেরিয়ে শাহবাগে আসার পথে দেখা গেল, অনেকে শিশু সন্তানদের জাতীয় পতাকা পরিয়ে কাঁধে করে টিএসসিতে নিয়ে আসছেন। বারডেম হাসপাতালের সামনে সাদা অ্যাপ্রোন পরা একদল ছাত্রছাত্রী স্লোগান দিচ্ছেন। তাঁদেরই একজন আশিকা তাজনীন জানালেন, তাঁরা সবাই মেডিকেলের শিক্ষার্থী। বাংলাদেশ দলের জয়ে মিছিল করে টিএসসির দিকে যাচ্ছেন।
অবশ্য শুধু টিএসসিতেই নয়, বাংলাদেশের জয়ে গতকাল উৎসবের আবহ ছড়িয়ে পড়েছিল পুরো রাজধানীতেই। এর আগে সকাল থেকেই উত্তেজনা নিয়ে খেলা দেখেছেন ক্রিকেটপ্রেমীরা। সবার মনে একটাই প্রশ্ন, ‘বাংলাদেশ আজ জিতবে তো?’ শেষ মুহূর্তের রুদ্ধশ্বাস উত্তেজনা চলাকালে রুবেল হোসেন পরপর দুটি উইকেট নিয়ে যখন বাংলাদেশের জয় এনে দিয়েছেন, তখন বিভিন্ন বাসাবাড়ি থেকে উচ্ছ্বাসের নানা ধ্বনি আসছে। জাতীয় সংসদ থেকে শুরু করে কালকের পুরো বাংলাদেশেরই তো ছিল একই ছবি।