
খুলনা সিটি করপোরেশন নির্বাচন ঘিরে এখন উৎসবের আমেজ। ১৫ মে কী হবে? নগরপিতার পদ আওয়ামী লীগ পুনরুদ্ধার করতে পারবে, নাকি বিএনপির দখলেই থাকবে? সুষ্ঠু ভোট কি হবে? এ রকম নানা প্রশ্ন আর বাহাসে সরগরম খুলনা। মুদিদোকান থেকে চায়ের আড্ডা, বিপণিবিতান থেকে সরকারি-বেসরকারি অফিস-সবখানে এই একই আলোচনা।
মেয়র পদে প্রার্থী পাঁচজন। সংশ্লিষ্ট সব মহল বলছে, মূল প্রতিদ্বন্দ্বিতা হবে দুজনের মধ্যে। তাঁরা হলেন আওয়ামী লীগের তালুকদার আবদুল খালেক ও বিএনপির নজরুল ইসলাম মঞ্জু। শুরুতে এই দুজন একে অন্যের বিরুদ্ধে হলফনামায় সত্য গোপন ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনতে শুরু করেন। এখন অবশ্য সেসব ছাড়িয়ে শুধুই প্রচারণা ও ভোটারদের মন জয়ের চেষ্টায় ব্যস্ত তাঁরা।
গত মঙ্গলবার প্রার্থীরা প্রতীক পেয়েই কোমর বেঁধে মাঠে নেমেছেন। গতকাল বুধবার আওয়ামী লীগ প্রার্থী ৩১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বিএনপি প্রার্থীও দু-এক দিনের মধ্যে ইশতেহার দেবেন। প্রচারণায় ব্যস্ত দুই দলই। রাস্তায়, মোড়ে মোড়ে পোস্টার। ছোট-বড় মিছিল নিয়ে প্রার্থীদের পক্ষে ভোট চাইছেন সমর্থকেরা। ওয়ার্ডে ওয়ার্ডে চলছে সভা, লিফলেট বিতরণ। দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় স্বতঃস্ফূর্তভাবে দলীয় সমর্থকেরা সভায় যোগ দিচ্ছেন।
খুলনায় বড় দুটি দলেই দলীয় বিবাদ প্রকট ছিল। তবে এ নির্বাচন ঘিরে সবাই এককাট্টা হয়ে কাজ করছেন। ২০০৮ সালের পর এই প্রথম এই এলাকায় ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে কোনো নির্বাচন হতে যাচ্ছে। তাই বিএনপির নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে আছে অন্য রকম উচ্ছ্বাস। আবার উচ্ছ্বাসের বিপরীতে সুষ্ঠু ও অবাধ ভোট হওয়া নিয়ে ব্যাপক শঙ্কাও কাজ করছে তাঁদের মধ্যে। এই শঙ্কা শুধু বিএনপির নয়, সাধারণ ভোটারদেরও।
এ বিষয়ে জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) খুলনার সম্পাদক কুদরত-ই খুদার মতে, উৎসব যেখানে আছে, আতঙ্ক সেখানে থাকবেই। তিনি বলেন, খুলনার দুই প্রার্থীই সমান যোগ্য। পছন্দের প্রার্থীকে স্বাধীনভাবে ভোট দিতে পারাটা এখন মানুষের চাওয়া। সেই চাওয়াটা কতটুকু পূরণ হবে, সেটাই এখন প্রশ্ন।
খুলনা সিটি করপোরেশনে ২২ বছর ক্ষমতায় বিএনপি। ২০০৮ সালে একবার মাত্র আওয়ামী লীগ মেয়র পদে জয় পায়। অবশ্য এবারই প্রথম পুরোপুরি দলীয় ভিত্তিতে নির্বাচন। দুই প্রধান প্রতিদ্বন্দ্বী নৌকা বনাম ধানের শীষ। আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতারা তো বটেই, কেন্দ্রীয় নেতারাও খুলনায় আসছেন প্রচারকাজে।
আওয়ামী লীগের একটি দলীয় সূত্রমতে, বিএনপির প্রার্থী নজরুল ইসলামকে তারা কোনোভাবেই ছোট করে দেখছে না। ২০০৮ সালের সংসদ নির্বাচনে সারা দেশে বিএনপির ভরাডুবি হলেও খুলনা-২ আসন থেকে বিজয়ী হয়েছিলেন নজরুল ইসলাম। এ কারণে তালুকদারকে জেতাতে দলীয় স্ব স্ব ওয়ার্ডের নেতাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
দুই দলের নেতারাই মনে করছেন, এই নির্বাচন তাঁদের জন্য মর্যাদার লড়াই। এই নির্বাচনের ফল আগামী জাতীয় নির্বাচনেও প্রভাব ফেলবে।
গত মঙ্গলবার প্রতীক পাওয়ার পর বিএনপির প্রার্থী নজরুল ইসলাম বলেন, ‘বহুদিন পর খুলনাবাসী ধানের শীষে ভোট দেবেন। এ জন্য আমরা ও জনগণ খুবই আনন্দিত, উৎফুল্ল।’
আওয়ামী লীগের মেয়র প্রার্থীর প্রধান সমন্বয়কারী এস এম কামাল হোসেন প্রথম আলোকে বলেন, এ আমলে সারা দেশে সুষ্ঠু ভোট হয়েছে। কুমিল্লায় বিএনপি জিতেছে। নারায়ণগঞ্জে জিতেছে আওয়ামী লীগ। খুলনায়ও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে।
কয়েক দিনে নগরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে কথা বললে তাঁরা শঙ্কামুক্ত সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেন। তাঁদের অনেকেই বলেছেন, তাঁরা অবস্থা বুঝে ভোটকেন্দ্রে যাবেন। কেউ কেউ শঙ্কা প্রকাশ করেন, যেহেতু আওয়ামী লীগ প্রার্থী সংসদ সদস্য পদ ছেড়ে মেয়র নির্বাচন করছেন, তাই সরকারি দল যেকোনো উপায়ে জিততে চাইবে। অনেকে বলেছেন, যেহেতু সামনে জাতীয় সংসদ নির্বাচন, তাই সরকার প্রমাণ করতে চাইবে, দলীয় সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন সম্ভব। ফলে সরকারি দল এমন কিছু করবে না, যাতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।
সার্বিক বিষয়ে জানতে চাইলে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী প্রথম আলোকে বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিএনপির স্মারকলিপির বিষয়ে তিনি বলেন, দলটি ঢালাও অভিযোগ করেছে। তারপরও তাদের অভিযোগ নির্বাচন কমিশন কার্যালয় ও পুলিশ কমিশনারের কাছে পাঠানো হয়েছে।