উচ্ছ্বাস নেই সৈয়দপুরে!
রংপুর বিভাগ অনুমোদন পেলেও নীলফামারীর সৈয়দপুর উপজেলার জনগণের মধ্যে তেমন উচ্ছ্বাস দেখা যায়নি। তারা সৈয়দপুরকে জেলা করার দাবি জানিয়েছে।সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আখতার হোসেন বলেন, রংপুরকে বিভাগ করায় সরকারকে অভিনন্দন। তবে সৈয়দপুরকে জেলা ঘোষণার দাবি আমাদের দীর্ঘদিনের। এই অঞ্চলের শিল্প-বাণিজ্য সমৃদ্ধ জনপদ সৈয়দপুর। তাই একে অনেক আগেই জেলা ঘোষণা করা উচিত ছিল। তিনি রংপুর বিভাগের সদর দপ্তর সৈয়দপুরে স্থাপন করার দাবি জানান। বিএনপির সৈয়দপুর সাংগঠনিক জেলার সভাপতি আবদুল গফুর বলেন, প্রধানমন্ত্রী সৈয়দপুরকে জেলা ঘোষণার পর নয়টি জেলা নিয়ে রংপুর বিভাগ করতে পরতেন। জাতীয় পার্টির (এরশাদ) নেতা শিল্পপতি শওকত চৌধুরী বলেন, রংপুরকে বিভাগ করার মাধ্যমে মহাজোটের একটি প্রতিশ্রুতি পূরণ হলো। এখন সৈয়দপুরকে জেলা ঘোষণার দাবি জানাচ্ছি। সৈয়দপুর জেলা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক শাহ্জাহান আলী জানান, রংপুর বিভাগ ঘোষণার আগেই সৈয়দপুরকে জেলা করা যেত।