উচ্ছ্বাসে উন্মাতাল ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুপুর থেকেই লোকজনের চলাচল কমে আসছিল, বিকেলে ঢাকার রাজপথ অনেকটাই ফাঁকা। গতকাল শনিবার দিনটিও ছিল সাপ্তাহিক ছুটি। কাজের তাড়া ছিল না। তাগাদা ছিল অন্য রকম। যাঁরা টিকিট সংগ্রহ করতে পেরেছিলেন, তাঁরা ছুটেছিলেন মিরপুরের দিকে। অন্যরা বসেছিলেন টিভি সেটের সামনে। অতঃপর যা হলো, তা তো সবারই জানা।খেলার ফল যাই হোক, আবেগে থরথর, উচ্ছ্বাসে-উদ্দীপনায় উন্মাতাল অগণিত ক্রিকেটামোদি পথে নেমেছিল শুক্রবার সন্ধ্যা থেকেই। বসন্তের দমকা বাতাসের মতোই তরুণের দল পতাকা উড়িয়ে ছুটেছে রোকেয়া সরণি থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের পথে। তুমুল হর্ষধ্বনি, ভুভুজেলার পোঁপোঁ, ঢোলের বোল, গাড়ির হর্ন ও গানের সুর মিলিয়ে শব্দব্রহ্মের বিকট নিনাদে নগর মুখর। বিশেষত সারা মিরপুর গভীর রাত অবধি পরিণত হয়েছিল ঝলমলে আলোর ঝর্ণাধারায় স্নাত এক মহোত্সবের কেন্দ্রবিন্দুতে।মাথায় জাতীয় পতাকার ব্যান্ডবাঁধা, মুখে বাংলাদেশ বাংলাদেশ ধ্বনি, হাতে লাল-সবুজ পতাকা। দু-তিনজন করে একেকটি মোটরসাইকেলে। শুক্রবার রাত ১২টার দিকে দেখা গেল, কয়েক ডজন মোটরসাইকেল তীব্র শব্দে হর্ন বাজিয়ে চক্কর দিচ্ছে রঙিন আলোয় ভেসে যাওয়া শহরের পথে পথে। ‘আহা, এ কী আনন্দ আকাশে বাতাসে’। তাঁদেরই একজনের প্রতিক্রিয়া, ‘২০ বছরের ঈদের আনন্দের সমান আনন্দ পাইতাছি।’সকাল থেকেই মনে একটা তাড়া তৈরি হয়েছিল হাতের কাজকর্ম সেরে নির্ঝঞ্ঝাট হয়ে খেলা দেখার জন্য। শহরের অনেক মহল্লায় দেখা গেছে গলির মোড়ে বিশাল পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। একুশের গ্রন্থমেলাতেও বিকেলে ছিল নিরিবিলি পরিবেশ। টিএসসির ভেতরে, মিলন চত্বরের মোড়ে এবং ক্যাম্পাসের ভেতরে মোট চারটি বিশাল পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।মিরপুর স্টেডিয়ামের আশপাশে লোকসমাগম শুরু হয়েছিল সকাল থেকেই। দুপুর একটার দিকে রীতিমতো জনস্রোত। রোকেয়া সরণিজুড়ে প্রচুর পুলিশ মোতায়েন। ফুটপাত দিয়ে দলে দলে লোক হাঁটছিল। মাঝেমধ্যেই ট্রাকে বা রিকশাভ্যানে করে লাল-সবুজ টি-শার্ট গায়ে পতাকা দুলিয়ে ছুটে যাচ্ছিল খণ্ড খণ্ড শোভাযাত্রা। এদের অবশ্য স্টেডিয়ামে প্রবেশের সুযোগ ছিল না। ১০ নম্বর গোলচত্বর ঘুরে আবার ফিরছিল উল্টোপথে। সেখানে পুুলিশ-র্যাবের পাশাপাশি সেনাবাহিনীর কঠিন পাহারা। এ পথে যানবাহনের প্রবেশ বন্ধ ছিল সকাল থেকেই। এক নম্বর থেকে ১০ নম্বর পর্যন্ত সড়কে টহল দিচ্ছিল ভয়ংকর দর্শন সাঁজোয়া গাড়ি। শুধু টিকিট দেখিয়েই সে পথে যাওয়ার সুযোগ হয়েছে।১০ নম্বর গোলচত্বর দুপুর থেকে জনসমাগমে থই থই। ফুটপাতে ভুভুজেলা, ঢোল, পতাকা, লাল-সবুজ টুপি, ব্যান্ড ইত্যকার হরেক পণ্য নিয়ে হেঁকে চলেছে ফেরিওয়ালা। অজস্র পতকা উড়ছে দোকানপাটগুলোতে। এপাশে-ওপাশে মাইক বাজছে। কোনোটিতে বিশ্বকাপের ভাবসংগীত ‘মার ঘুরিয়ে, ঘুরিয়ে মার ঘুরিয়ে...; কোনোটিতে ‘বেশ বেশ বেশ শাবাশ বাংলাদেশ/ যাও এগিয়ে আমার বাংলাদেশ...’।খেলা শুরু হলে বদলে যায় দৃশ্যপট। সন্ধ্যায় পথ আধফাঁকা। মাঝেমধ্যে ভেসে আসছিল দূরাগত উল্লাসের ধ্বনি। সেই ধ্বনি বলে দিচ্ছিল ঘুরিয়ে মেরে যাচ্ছে টাইগাররা।