উচ্ছ্বাসে-উৎসবে সারা দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারে অনুষ্ঠিত ভাষা প্রতিযোগ উৎসবে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা l আনিস মাহমুদ
মৌলভীবাজারে অনুষ্ঠিত ভাষা প্রতিযোগ উৎসবে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা l আনিস মাহমুদ

সকালের ফুরফুরে হাওয়া আর নীল আকাশ যেন বলে দিচ্ছিল আজ উৎসবের দিন। সকাল নয়টার মধ্যেই অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে নিয়ে নানা রঙের পোশাক পরে নানা স্কুল-কলেজের শিক্ষার্থীতে ভরে ওঠে উৎসব প্রাঙ্গণ।

গতকাল শুক্রবার ছিল মৌলভীবাজার সরকারি মহিলা কলেজে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ ২০১৭-এর মৌলভীবাজার আঞ্চলিক উৎসব। মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জের প্রায় অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০০ শিক্ষার্থী এই উৎসবে যোগ দেয়। সকাল নয়টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে উৎসবের উদ্বোধন করেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. আজিজুর রহমান। আর ভাষা প্রতিযোগের পতাকা তোলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের চেয়ারম্যান হাকিম আরিফ।

অধ্যক্ষ মো. আজিজুর রহমান বলেন, প্রথম আলোর এই উদ্যোগ প্রশংসনীয়। এ রকম প্রতিযোগিতার মাধ্যমে মাতৃভাষার শিক্ষার্থীদের  আকর্ষণ বাড়বে, ভাষাকে জানার আগ্রহ তৈরি হবে। তিনি মৌলভীবাজার সরকারি মহিলা কলেজে উৎসবের স্থান নির্ধারণ করায় প্রথম আলোকে ধন্যবাদ জানান।

উদ্বোধনের পর শিক্ষার্থীদের অংশগ্রহণে ছিল ৪০ মিনিটের একটি মূল্যায়ন পরীক্ষা। পরীক্ষা শেষে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। এই পর্বটি শিক্ষার্থীদের সরল-জটিল নানা প্রশ্ন ছিল উচ্ছ্বাসে ভরা।

চমক দেওয়া প্রশ্নের জন্য প্রশ্নকারী সঙ্গে সঙ্গে পেয়েছে পুরস্কার। প্রশ্নের কি আর শেষ আছে? কিন্তু সময় যে তাড়া দিচ্ছিল। সঞ্চালককে একসময় রাশ টানতেই হলো। এই পর্বটি সঞ্চালনা করেন ভাষা প্রতিযোগ ২০১৭-এর সহকারী সমন্বয়ক কুদরত-ই-হুদা। এই পর্বে উত্তরদাতার আসনে ছিলেন অধ্যাপক হাকিম আরিফ, মদন মোহন কলেজ সিলেটের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মামুন অর রশীদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সরকার সোহেল রানা এবং মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. আবদুল হালিম।

অনুষ্ঠানে অধ্যক্ষ মো. আজিজুর রহমানের হাতে ভাষা প্রতিযোগ পর্ষদের পক্ষ থেকে ভেন্যু স্মারক তুলে দেওয়া হয়। এই পর্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রথম আলোর মৌলভীবাজার জেলা প্রতিনিধি আকমল হোসেন নিপু এবং প্রথম আলো মৌলভীবাজার বন্ধুসভার সদস্য অপূর্ব সোহাগ। সংগীত পরিবেশন করেন আনন্দনগর ব্যান্ডের শিল্পী ইমরান। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন প্রথম আলোর প্রথমা প্রকাশনের ব্যবস্থাপক জাফর আহমদ রাশেদ।

শেষ পর্বে প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—এই চারটি বিভাগের ভাষা প্রতিযোগে ৬০ বিজয়ীর নাম ঘোষণা করা হয়। বিজয়ীদের হাতে অতিথিরা সনদ ও বই তুলে দেন। পরিয়ে দেন মেডেল। এরা ঢাকায় জাতীয় পর্যায়ের ভাষা প্রতিযোগে অংশ নেবে। বিজয়ীদের মধ্যে সেরাদের সেরা এবং ‘বানানবীর’ হয়েছে একই শিক্ষার্থী সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র প্রতীক পণ তীর্থ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল মৌলভীবাজার বন্ধুসভা।