
বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়েছে শরীর। গায়ে উঠেছে সাদা শাড়ি। তবু মনে এখনো যৌবনের রং। সেই রঙেই রঙিন হয়েছিলেন খুলনা মহিলা কলেজের প্রাক্তন ছাত্রীরা।
প্রতিষ্ঠানের হীরকজয়ন্তী উৎসবের শেষ দিনে গতকাল শুক্রবার ষাট ও সত্তরের দশকের অনেক শিক্ষার্থীর উচ্ছ্বাস ছাড়িয়ে যায় বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদেরও।
কেউ এসেছিলেন রঙিন শাড়িতে, কেউবা সাদা শাড়িতে। কারও মাথায় গোঁজা তাজা ফুল। কেউবা পরেছেন ফুলের মালা। সেলফি আর ফটোসেশনে পুরো কলেজ প্রাঙ্গণই যেন পরিণত হয় ফ্যাশন শোতে।
পুরোনো বন্ধুদের কাছে পেয়ে সবাই ফিরে যান পুরোনো দিনে। মেতে ওঠেন স্মৃতিচারণা আর বর্তমান নিয়ে আড্ডায়। যৌবনের খুনসুটি ছুঁয়েছিল জীবনের এই পড়ন্ত বেলায়ও।
কথা হয় তৈয়েবা খাতুন জেমির সঙ্গে। তিনি ১৯৭২ সালের ব্যাচের। ছিলেন সেই সময়কার কলেজ ছাত্রী সংসদের সহসাধারণ সম্পাদক। বহু দেশ ঘুরেছেন। কিন্তু প্রাণের কলেজের মতো আপন কাউকে ভাবতে পারেননি। তিনি বললেন, নতুন-পুরোনোদের এভাবে কাছে পাওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।
১৯৬২-৬৩ সালে কলেজ থেকে স্নাতক করেন মাজেদা হক। তিনি বলেন, ‘অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে চলে এসেছি। পুরোনো অনেক বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। মনে হচ্ছে আবার সেই কলেজজীবন ফিরে পেয়েছি।’

১৯৯২-৯৩ এইচএসসি ব্যাচের রিজিয়া পারভীনের ভাষায়, ‘আজকের দিনটি শুধুই আমাদের। এ ভালো লাগার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।’ তিনি জানান, সারা দিন নতুন-পুরোনো বন্ধুদের সঙ্গে কুশল বিনিময় করতে করতেই কেটে গেছে। কলেজের পুরোনো শিক্ষার্থীদের সান্নিধ্য পেয়ে অনেক ভালো লেগেছে।
অনেক হারিয়ে ফেলা বন্ধুদের সঙ্গে দেখা পেয়েছেন ১৯৯৪ সালের এইচএসসি ব্যাচের কাজী সাকিনুর। তিনি বলেন, ‘সেই আগের মতোই আড্ডা দিচ্ছি। পরিবারকে পেছনে ফেলে মনে হচ্ছে আবার ছাত্রী অবস্থায় ফিরেছি। এমন অনেক বন্ধু আছে, যাদের সঙ্গে ২০ বছর পরে দেখা হলো। আসলে এ অনুভূতি শুধুই আমাদের। এটুকুই নিয়ে যাব আগামী দিনের ব্যস্ত জীবনে।’
গত বুধবার খুলনা মহিলা কলেজের হীরকজয়ন্তী উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর একদিন ফাঁকা রেখে গতকাল শেষ হয় মূল অনুষ্ঠান। শেষ দিনে ছিল স্মৃতিচারণা, সাবেক ছাত্রী সংসদের প্রতিনিধিদের ক্রেস্ট প্রদান, পুরোনো শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড সংগীত।
গতকাল এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আনিছুর রহমান বিশ্বাস। সভাপতিত্ব করেন মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল আলিম।