উচ্ছ্বাসে ভরা ভাষার উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ প্রাঙ্গণে গতকাল এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের আঞ্চলিক উৎসবে অতিথিদের সঙ্গে উচ্ছ্বসিত বিজয়ী শিক্ষার্থীরা l ছবি: আশরাফুল আলম
মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ প্রাঙ্গণে গতকাল এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের আঞ্চলিক উৎসবে অতিথিদের সঙ্গে উচ্ছ্বসিত বিজয়ী শিক্ষার্থীরা l ছবি: আশরাফুল আলম

উৎসব শুরুর কথা সকাল নয়টায়। কিন্তু ঘণ্টাখানেক আগেই উৎসবস্থলে সমবেত হতে থাকে দূর-দূরান্ত থেকে আসা উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। নয়টার মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় উৎসবস্থলের মূল চত্বর। তাঁদের উচ্ছ্বাস আর ভাষা ও দেশ নিয়ে শিক্ষকদের কাছে রাখা বৈচিত্র্যময় নানা প্রশ্নে প্রাণবন্ত হয়ে ওঠে ভাষা প্রতিযোগ।

এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের আঞ্চলিক উৎসব গতকাল শুক্রবার বসেছিল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ প্রাঙ্গণে। উৎসবে মানিকগঞ্জ, টাঙ্গাইল ও সাভারের ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার শিক্ষার্থী অংশ নেয়।

আনুষ্ঠানিকভাবে এ ভাষার উৎসব উদ্বোধন করার আগে সোয়া নয়টা থেকে ৪০ মিনিটের মূল্যায়ন পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা। পরীক্ষা শেষে সকাল সোয়া ১০টায় জাতীয় সংগীত পরিবেশনার মধ্যে জাতীয় পতাকা উত্তোলন করেন সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান। ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ। পরে অতিথিরা বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ মো. শাহজাহান বলেন, মাকে যে ভালোবাসে, সে ভাষাকে ভালোবাসে। আর যে ভাষাকে ভালোবাসে, সে দেশকেও ভালোবাসে। প্রথম আলোর আয়োজনে এই উৎসব শিক্ষার্থীদের বাংলা ভাষার প্রতি আগ্রহী করে তুলবে। এর মধ্য দিয়ে শুদ্ধ বাংলা চর্চা হবে এবং বাংলা ভাষা সমৃদ্ধ হবে।

উৎসব উদ্বোধন শেষে ভাষা প্রতিযোগ ২০১৭-এর সহকারী সমন্বয়ক কুদরত-ই-হুদার পরিচালনায় খোলা মাঠের মঞ্চে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। শিক্ষার্থীদের কৌতূহলী নানা প্রশ্নের জবাব দেন অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব বোরহান, সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান ও সহকারী অধ্যাপক জাফর ইকবাল। শিক্ষার্থীদের বৈচিত্র্যময় প্রশ্ন আর শিক্ষকদের মজার উত্তরে ভাষার উৎসব হয়ে ওঠে আরও প্রাণবন্ত। উৎসবে গান পরিবেশন করেন শিল্পী অটমনাল মুন। কিছু শিক্ষার্থীও এ সময় আঞ্চলিক গান পরিবেশন করে।

উৎসবে প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—এই চার বিভাগে অনুষ্ঠিত মূল্যায়ন পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৬০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ, পদক ও বই তুলে দেন অতিথিরা। বিজয়ীদের মধ্যে সেরাদের সেরা হয় মানিকগঞ্জ পিটিআই-সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির মোম তারিন সুলতানা। বিজয়ী শিক্ষার্থীরা ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় উৎসবে অংশ নেবে। এদিকে বানান নিয়ে বিশেষ প্রতিযোগিতায় ‘বানান বীর’ হয়েছে দেবেন্দ্র কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আলিদুজ্জামান বিশ্বাস। বানান প্রতিযোগিতা পরিচালনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মামুন-অর-রশীদ।

সমাপনী অনুষ্ঠানে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ বলেন, ভাষা নিয়ে আজকের অনুষ্ঠান শিক্ষার্থীদের জ্ঞান বিকাশে আরও এক ধাপ এগিয়ে নেবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, এইচএসবিসির ঊর্ধ্বতন কর্মকর্তা সাদাব হোসেন, প্রথম আলোর সহকারী সম্পাদক ও ভাষা প্রতিযোগ ২০১৭-এর সমন্বয়ক অরুণ বসু। উৎসবে সার্বিক সহযোগিতা করে প্রথম আলো মানিকগঞ্জ বন্ধুসভা।

আজ উৎসব জামালপুরে

জামালপুর প্রতিনিধি জানান, ভাষা প্রতিযোগের আঞ্চলিক উৎসবের সপ্তম আসর আজ শনিবার বসছে জামালপুরে। জামালপুর জিলা স্কুলে আয়োজিত এ উৎসবে দেশবরেণ্য ভাষাবিদেরা উপস্থিত থাকবেন।

উৎসবে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেবে। সকাল নয়টায় উৎসবের উদ্বোধন হবে।