উছমানগড়কে উপজেলা করার দাবিতে স্মারকলিপি
মৌলভীবাজারের উছমানগড়কে উপজেলা করার দাবি আবারও জানিয়েছে এলাকাবাসী। এই দাবিতে গত রোববার তারা জাতীয় সংসদের চিফ হুইপ মো. আবদুস শহীদ, মৌলভীবাজার-২ ও ৩ আসনের সাংসদ, জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট তিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছে।স্মারকলিপিতে বলা হয়েছে, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, খাজা উছমানের স্মৃতিবিজড়িত উছমানগড় এলাকাসহ পার্শ্ববর্তী কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ও পতনঊষার ইউনিয়ন, কুলাউড়া উপজেলার টিলাগাঁও, হাজীপুর ও শরীফপুর ইউনিয়ন এবং রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়ন নিয়ে ‘উছমানগড়’ নামে নতুন উপজেলা গঠন করা হোক। এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে ১৯৮৫ সালে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপজেলা পরিষদের চেয়ারম্যান, ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উছমানগড়কে উপজেলা করার নীতিগত সিদ্ধান্ত নেন। কিন্তু আজও ওই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি।উছমানগড় উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সিকান্দর আলী বলেন, ‘আমাদের দীর্ঘদিনের দাবি উছমানগড় নামে নতুন উপজেলা করা হোক।’