উজানচরে ৭৮ গৃহহীন পেলেন ঘরের চাবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সবার জন্য বাসস্থান নিশ্চিত করতে ‘যার জমি আছে ঘর নাই, তার নিজ জমিতে গৃহনির্মাণ’ প্রকল্পের অধীন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭৮টি গৃহহীন পরিবারের জন্য একটি করে ঘর নির্মাণ করা হয়েছে। গত রোববার বিকেলে তাঁদের হাতে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি তুলে দেওয়া হয়।
ইউপি চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শওকত আলী। প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী। তিনি ঘরের তালা-চাবি বুঝিয়ে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আবদুল জব্বার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এ কে এম আজাদুর রহমান, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম।
উপজেলা প্রশাসন ও উজানচর ইউপির আয়োজনে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাসার উদ্দিন। জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউপির চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল, উজানচর ইউপির চেয়ারম্যান আবুল হোসেন ফকির প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পের আওতায় উপজেলার চারটি ইউনিয়নের মোট ৩২৭টি হতদরিদ্র পরিবারকে একটি করে ঘর দেওয়া হয়। প্রতিটি ঘর নির্মাণে খরচ হয়েছে এক লাখ টাকা। এর মধ্যে উজানচর ইউপির ৭৮ জনকে ঘরের চাবি রোববার বুঝিয়ে দেওয়া হয়েছে।
ঘরের চাবি পেয়ে আনন্দে আত্মহারা দুদুখানপাড়ার ভিক্ষুক গিয়াস উদ্দিন (৭০)। তিনি বলেন, ‘রাস্তার পাশে সামান্য জমিতে ভাঙা ছাপরাঘরে স্ত্রী-সন্তান নিইয়া থাহি। সারা দিন মাইনসের কাছে হাত পাইতা যেহানে নিজের খাওন জোটে না, সেহানে ঘর করমু ক্যামনে? বৃষ্টি অইলে পানি পইড়া সব ভিইজা যায়। অহন ঘর পাইয়া বেজায় খুশি।’
জেলা প্রশাসক শওকত আলী বলেন, নদীভাঙন ও অভাবী হিসেবে গোয়ালন্দকে বেছে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষিত প্রকল্পের আওতায় উপজেলায় মোট ৩২৭ জন অসহায় মানুষকে ঘর দেওয়া হচ্ছে।
সাংসদ কাজী কেরামত আলী বলেন, গোয়ালন্দে ৩ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে এসব ঘর নির্মাণ করা হয়েছে। আরও প্রায় ১৫০টি ঘর দেওয়া হবে।