উজানধলে প্রতিবাদী বাউলগানের আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে বাউলসম্রাট শাহ আবদুল করিমের বাড়িতে সশস্ত্র হামলার প্রতিবাদে গতকাল শনিবার প্রতিবাদী বাউলগান হয়েছে।বেলা সাড়ে তিনটার দিকে বাউলসম্রাটের বাড়িতে প্রতিষ্ঠিত সংগীতালয়ে বাউলগান পরিবেশন করেন বশিরউদ্দিন সরকার, কাইয়ুম শাহ, শাহ আবদুল তোয়াহেদ, রণেশ ঠাকুর, সীমা বেগম প্রমুখ। গানের ফাঁকে ফাঁকে বাউলেরা সশস্ত্র হামলার প্রতিবাদ জানিয়ে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।বাউল কাইয়ুম শাহ বলেন, ‘ঢাকায় যখন লালন ভাস্কর্য ভাঙা হয়, তখন আমরা গুরুর (শাহ আবদুল করিম) নির্দেশে সব শিষ্য ঢাকায় গিয়ে এর প্রতিবাদ জানাই। এখন আমরা স্পষ্ট করে বলতে চাই, সারা দেশে বাউলসম্রাটের প্রায় ৮০ হাজার শিষ্য রয়েছেন। প্রয়োজনে সবাই মিলে দেশব্যাপী আন্দোলন করব। তাই আমরা চাইছি, শিগগিরই সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে আমাদের বাউলগান গাওয়ার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবে।’হামলার ঘটনায় বাউল পরিবারের প্রতি সান্ত্বনা ও সহমর্মিতা জানাতে গতকাল দুই শতাধিক করিম ভক্ত-অনুসারী চট্টগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে উজানধলে আসেন। বাউলগানের বিরুদ্ধে অবস্থানকারী ব্যক্তিদের সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করতে গ্রামের বিভিন্ন বাড়িতে গণসংযোগ করেন তাঁরা।চট্টগ্রাম থেকে গতকাল দুপুরে উজানধলে আসেন লেখিকা সৈয়দা আঁখি হক। তিনি প্রথম আলোকে বলেন, ‘পত্রিকায় বাউলসম্রাটের বাড়িতে হামলা হয়েছে জেনে খুব মর্মাহত হয়েছি। বাউলসম্রাটের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করতে উজানধলে এসেছি। আশা করছি প্রশাসন এ ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেবে।’উজানধলে বাউলগানের আসরে হামলার ঘটনার পাঁচ দিন পর আবারও বাউলগান শুরু হওয়ার বিষয়টি ইতিবাচক বলে মন্তব্য করেছে গ্রামবাসী।এদিকে হামলার ঘটনার প্রতিকার চেয়ে আজ রোববার বেলা ১১টার দিকে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুল হকের মাধ্যমে সুনামগঞ্জের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবেন বাউলসম্রাটের শিষ্য-অনুরাগীরা।