বইছে বসন্ত বাতাস। চারদিকে সবুজ ফসলের সমারোহ। পড়ন্ত বিকেলের সেই বাতাসে দোল খাচ্ছে কচি ধানের পাতা। সবুজের মাঝখানে একচিলতে মাঠ। মাঠজুড়ে হাজারো মানুষ। বাড়ির উঠানের কিনারায় দাঁড়িয়ে মাথায় আঁচল টেনে উঁকি দিচ্ছেন গায়ের বধূ। এর মাঝে মঞ্চে সমবেত কণ্ঠে শুরু হয়, ‘মন মজালে ওরে বাউলা গান, যা দিয়েছ তুমি আমায় কী দেব তার প্রতিদান...।’ সেই সুর ছড়িয়ে পড়ে উজানধলের বসন্ত বাতাসে, কালনী নদীর জলে-ঢেউয়ে।
এমনই করে গানে গানে বাউল সম্রাট শাহ আবদুল করিমের জন্মভিটা সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামের মাঠে গতকাল শুক্রবার বিকেল থেকে শুরু হয়েছে তাঁর জন্মশতবর্ষের দুই দিনব্যাপী লোক উৎসব। উজানধল গ্রামের মাঠে এই উৎসবের আয়োজন করেছে শাহ আবদুল করিম পরিষদ। এই উজানধল গ্রামেই ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন বাউল সম্রাট শাহ আবদুল করিম।
পরিষদের সভাপতি ও শাহ আবদুল করিমের ছেলে শাহ নূর জালালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ার। মুখ্য আলোচক ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি শুভেন্দু ইমাম। আলোচনায় অংশ নেন কবি তুষার কর, সিলেট কমার্স কলেজের অধ্যক্ষ মোস্তাক আহমদ দীন, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলতাফ হোসেন, কবি মুহাম্মদ ইমদাদ, স্থানীয় তাড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক, সাংবাদিক টিপু সুলতান, শামসুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী এ কে কুদরত পাশা প্রমুখ। উৎসব শুরুর আগে শাহ আবদুল করিম জন্মশতবর্ষ উদ্যাপন পর্ষদের পক্ষ থেকে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উদ্বোধন শেষে মঞ্চে বাউল সম্রাটের জনপ্রিয় গান গাইতে শুরু করেন তাঁর ভাব-শিষ্যরা। সেই গানে নেচেগেয়ে মাতোয়ারা হন দূর-দূরান্ত থেকে আসা করিম-ভক্তরা। বয়সের ব্যবধান যেন ঘুচে যায় গানের টানে। বাউল আবদুর রহমান উজানধলে শাহ আবদুল করিমের ‘দরবারে’ আসেন বহুদিন থেকে। তাঁর মতে ৪০ বছর। মঞ্চে উঠে প্রথমেই টান দিলেন ‘বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে...’ গানে। এরপর বাউল করিমের জনপ্রিয় গান পরিবেশন করেন বাউল বনেশ ঠাকুর, সৌরভ সুহেল, লাল শাহ, রওশন জামিল, ফারুক আহমদ, আসকর আলী, তোতা মিয়া, আবদুল তোহায়েদ, সিতন মিয়া প্রমুখ।
গভীর রাত পর্যন্ত বাউল করিমের ‘গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান...’ ‘আমি বাংলা মায়ের ছেলে...’, ‘বন্ধে মায়া লাগাইছে, দিওয়ানা বানাইছে...’, ‘গাড়ি চলে না চলে না রে...’, ‘তুমি আমার আমি তোমার...’, ‘কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু...’, ‘তুমি বিনে আকুল পরান...’, ‘তুমি মানুষ আমি মানুষ...’, ‘আসি বলে গেল বন্ধু আইল না...’সহ বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশন করেন শিল্পীরা। আজ শনিবার উৎসব শেষ হবে।