উজানে বোরো ফসল নষ্টের শঙ্কা, ভাটিতে চাষাবাদ ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সতিঝিরগাঁও এলাকায় লাঘাটা নদীতে নির্মিত জলকপাট (স্লুইসগেট) বন্ধ করে রাখায় এর উজানে বোরো ধানের জমিতে জলাবদ্ধতা ও ভাটিতে সেচসংকটের সৃষ্টি হয়েছে। এতে একদিকে সেচসংকটে ভাটি এলাকায় বোরোর আবাদ করতে পারছেন না অনেক কৃষক, অন্যদিকে উজানের জমিতে থাকা বোরোর চারা নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ৪ হাজার ৬৫০ হেক্টর জমিতে বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে এ পর্যন্ত দেড় শতাধিক হেক্টর জমিতে বোরোর চারা রোপণ করা হয়েছে। উপজেলার নিম্নাঞ্চল শমশেরনগর ইউনিয়নের কেছুলুটি, সতিঝিরগাঁও, পতনঊষা ইউনিয়নের ধোপাটিলা, হালাবাদী, শ্রীসূর্য ও মুন্সিবাজার ইউনিয়নের রুপশপুর গ্রামের কৃষকেরা মূলত বোরো চাষাবাদের ওপর নির্ভরশীল। কিন্তু শমশেরনগর ইউনিয়নের লাঘাটা ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি (লাঘাটা ছড়া পাপসস লি.) সতিঝিরগাঁও এলাকায় বোরো চাষাবাদের জন্য জলকপাট বন্ধ করে রাখায় উজানের কেছুলুটি গ্রামের কিছু এলাকার বোরো ধান ও বীজতলা তলিয়ে গেছে। অন্যদিকে কেছুলুটির একাংশ, সতিঝিরগাঁও, মুন্সীবাজার ইউনিয়নের রুপশপুর ও পতনঊষার ইউনিয়নের ধূপাটিলা গ্রামে সেচের অভাবে অধিকাংশ জমিতে বোরোর আবাদ হয়নি।
কেছুলুটি গ্রামের কৃষক আশিদ আলী ও নূর মিয়াসহ কয়েকজন প্রথম আলোকে বলেন, শুকনা ছড়ায় প্যানেল বসানোর কথা থাকলেও বসানো হয়নি। এ কারণে এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তাঁদের বোরো ধানখেত ও বীজতলা তলিয়ে গেছে। এক সপ্তাহ ধরে পানি না নামায় বোরো চারা নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
মুন্সীবাজার ইউনিয়নের রুপশপুর গ্রামের কমরু মিয়া, বসু মিয়া ও মোক্তার মিয়া অভিযোগ করে বলেন, জলকপাট লাঘাটা নদীর আরও ভাটির দিকে নির্মাণ করলে এই সমস্যা দেখা দিত না। এখন সেচসংকটের কারণে তাঁদের বোরো আবাদ করা সম্ভব হচ্ছে না।
পতনঊষার ইউনিয়নের ধূপাটিলা গ্রামের আকতার মিয়া ও শেরওয়ান আলী বলেন, কিছু জমিতে বোরোর চারা রোপণ করা হলেও সেচ দিতে না পারায় সেসব জমি শুকিয়ে গেছে। এখন চারা মরে যাওয়ার উপক্রম হয়েছে।
লাঘাটা ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি দুরুদ আলী বলেন, জলকপাট নির্মাণ করা হয়েছে সময়মতো পানি আটকে সেচ দিয়ে চাষাবাদ করার উদ্দেশ্যে। সে হিসাবেই এবারও বোরো চাষাবাদ হচ্ছে। যেসব জমি তলিয়ে গেছে সেখানে কখনো বোরো চাষাবাদ করা হয় না। তিনি আরও বলেন, পানি আটকানোয় নিম্নাঞ্চলে কিছুটা পানির সংকট হতে পারে।
তবে এ বিষয়ে লাঘাটা ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক সিদ্দেক আলী বলেন, শমশেরনগর ইউনিয়নের লাঘাটা নদীতে নির্মিত জলকপাট অধিভুক্ত ৩৭৮ হেক্টর বোরো জমিতে সেচসুবিধা পায়। জলকপাট বন্ধ রাখায় এ এলাকার প্রায় ১৪ একর জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আর জলকপাটের নিম্নাঞ্চলে ২৫ হেক্টর বোরো জমিতে পানিসংকটের কারণে সেচ দেওয়া সম্ভব হচ্ছে না।
জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা মো. শামছুদ্দীন আহমদ বলেন, জলকপাটটি নদীর আরও কিছুটা ভাটির দিকে নির্মাণ করা হলে ভালো হতো। এবার একাংশে জলাবদ্ধতা ও কিছু এলাকায় সেচসংকট হওয়ার অভিযোগ এখনো তিনি পাননি। তবে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখবেন। প্রয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সহযোগিতা নেবেন।