উজানের ঢলে তিস্তা অববাহিকায় বন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদী অববাহিকায় বন্যা দেখা দিয়েছে। গতকাল রোববার তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট (স্লুইসগেট) খুলে দেয়।উজানের ঢলে তিস্তা অববাহিকা-সংলগ্ন নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার ১০টি ইউনিয়নের নিম্নাঞ্চলের ঘরবাড়ি ও ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। ডিমলার পূর্বছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ খান জানান, তাঁর ইউনিয়নের প্রায় পাঁচ হাজার পরিবারের ঘরবাড়ি হাঁটুসমান পানির নিচে তলিয়ে রয়েছে।পাউবোর ডালিয়া বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র থেকে জানা গেছে, শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। হঠাৎ করে রাত নয়টার দিকে উজান থেকে তিস্তায় ঢল নেমে আসে এবং রোববার রাত তিনটায় তিস্তার পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। তবে ভোর ছয়টা থেকে পাঁচ সেন্টিমিটার পানি হ্রাস পেয়ে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। পাউবোর ডালিয়া উপবিভাগীয় প্রকৌশলী মাইনুদ্দিন মণ্ডল বলেন, উজান থেকে হঠাৎ করে ঢল নেমে আসার পর তিস্তা ব্যারেজের ৪৪টি স্লুইসগেট খুলে দেওয়া হয়েছে। নতুন করে আবার উজানের ঢল না এলে বড় ধরনের কোনো ক্ষতির আশঙ্কা নেই বলে জানান তিনি।