উজাড় হচ্ছে বিপুল পরিমাণ কাঠ ও ফসলি জমির মাটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার মোট ৯০টি ইটভাটার অধিকাংশেরই কোনো অনুমোদন নেই। ফসলি জমির মধ্যে গড়ে ওঠা এসব অবৈধ ইটভাটায় প্রতিবছর ফসলি জমির বিপুল পরিমাণ মাটি ব্যবহূত হচ্ছে। পাশাপাশি পোড়ানো হচ্ছে বিপুল পরিমাণ জ্বালানি কাঠ।গত এক মাসের বিভিন্ন সময়ে সরেজমিনে দেখা গেছে, জেলার ৯০টি ইটভাটার প্রায় সবগুলোই ফসলি জমি, জনবসতি ও বনের মধ্যে অবস্থিত। এসব ভাটায় ব্যবহার করা হচ্ছে টিনের চিমনি। পাশাপাশি ইট তৈরির জন্য ফসলি জমি, জলাশয় ও নদীর পাড়ের মাটি ব্যবহার করা হচ্ছে। আর ইট পোড়ানোর জন্য ব্যবহার করা হচ্ছে জ্বালানি কাঠ। জেলা প্রশাসকের কার্যালয়ের লাইসেন্স শাখা থেকে জানা গেছে, ৯০টি ইটভাটার মধ্যে ৪০টির অনুমোদন রয়েছে। এর মধ্যে মাত্র ১০টির লাইসেন্স নবায়ন করা হয়েছে।ইটভাটার মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোলায় প্রতিবছর একটি ইটভাটায় গড়ে ৪০ লাখ ইট উৎপাদন হচ্ছে। সে হিসাবে ৯০টি ইটভাটায় বছরে ৩৬ কোটি ইট তৈরি হচ্ছে। আর এই ইট তৈরি করতে ব্যবহার করা হচ্ছে তিন লাখ ৯৬ হাজার ঘনফুট মাটি। মাটি ব্যবসায়ী মনোয়ার হোসেন বলেন, ভোলার মাটিতে বালির ভাগ বেশি। এখানে জমির দুই থেকে ১০ ফুট গভীর পর্যন্ত মাটি ইট তৈরির জন্য উপযোগী। ১০ ফুটের বেশি গভীরের মাটি ইটভাটায় ব্যবহার করা যায় না।ভোলা জেলা ইটভাটা মালিক সমিতির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমসহ একাধিক ইটভাটার মালিকেরা জানান, এক লাখ ইট পোড়াতে গড়ে ৮০০ মণ জ্বালানি কাঠ দরকার। সে হিসাবে ভোলায় উৎপাদিত ৩৬ কোটি ইট পোড়াতে গড়ে দুই হাজার ৮৮০ টন জ্বালানি কাঠ দরকার। এই বিপুল পরিমাণ কাঠ সংগ্রহ করা হচ্ছে সামাজিক ও বন বিভাগের শ্বাসমূলীয় বন থেকে।ভোলা উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক আনোয়ারুল হক খান বলেন, ইটভাটায় টিনের চিমনি, ফসলি জমির মাটি ও জ্বালানি কাঠ ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি বাগান ও বসতভিটার পাশে কোনো ইটভাটা নির্মাণ করা যাবে না। কিন্তু ভোলায় এসব নিয়ম লঙ্ঘন করে ইটভাটা গড়ে ওঠায় পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রশাসনের।উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মিজানুর রহমান বলেন, ভোলায় ইটভাটা নির্মাণের উপযোগী কোনো জমি নেই। তার পরও এখানে অনেক ইটভাটা গড়ে উঠেছে। এসব ইটভাটায় কী পরিমাণ জ্বালানি কাঠ পুড়ছে, তার কোনো পরিসংখ্যান নেই।এ ব্যাপারে ভোলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ইউনুস বলেন, ‘ফসলি জমি, জনবসতি ছাড়া ইটভাটা করার জমি কোথায় পাব?’জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, তাঁরা বেশ কিছু অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছেন। ওই ভাটাগুলোকে জরিমানা করাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যাক্রমে তাঁরা আরও অভিযান চালাবেন।