উজাড় হচ্ছে বিরামপুর বন গবেষণাকেন্দ্রের বাগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুরে অবস্থিত ‘চরকাই বন গবেষণাকেন্দ্রে’র পরীক্ষামূলক বাগানের দীর্ঘদিনের পুরোনো মূল্যবান গাছগুলো চুরি হয়ে যাচ্ছে। এতে গবেষণা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর অভিযোগ, বন গবেষণা কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে এলাকার চিহ্নিত চোরেরা প্রতিনিয়ত গাছ চুরি করছে। তবে বন কেন্দ্রের স্টেশন কর্মকর্তা সুব্রত কুমার দাস এসব অভিযোগ অস্বীকার করেছেন। বন প্রহরী তোফাজ্জল হোসেন জানান, বনের চারপাশে দেবীপুর, সন্দলপুর, পান্নাথপুর ও ঝগড়ুপাড়া গ্রামের চোরেরা ধারালো অস্ত্র নিয়ে দলবলসহ গাছ চুরি করতে আসে। অনেক সময় বাধা দিলে তাঁদের ওপর আক্রমণ করে। নারীদের দিয়ে মিথ্যা মামলার হুমকি দেওয়া হয়। কেন্দ্রের স্টেশন কর্মকর্তা সুব্রত কুমার দাস জানান, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত এই গবেষণাকেন্দ্রের বাগানের এলাকা ১৯২ একর। বাগানে শাল, সেগুন, মেহগনি, গামার, অর্জুন, জারুল, আকাশমনিসহ প্রায় ৫০ প্রজাতির মূল্যবান গাছ রয়েছে। ১৯৯৬ সালের পর থেকে এ পর্যন্ত ৬০-৭০ একর বাগানের গাছ চুরি হয়ে গেছে।গত বুধবার সরেজমিনে দেখা গেছে, বাগানজুড়ে পড়ে আছে সদ্য কাটা গাছের গোড়া। বাগানের গাছগুলো ১৫ বছরের বেশি পুরোনো। প্রতিনিয়ত গাছ চুরির ফলে কেন্দ্রের প্রায় ১০০ একর বাগানই উজাড় হয়ে গেছে।বনের একজন কর্মকর্তা জানান, বাগানের মূল্যবান মা গাছগুলো চুরি হয়ে যাওয়ায় গবেষণা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। এভাবে গাছ চুরি হতে থাকলে গবেষণাকেন্দ্রটি ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা করেন তিনি। স্থানীয় খাঁনপুর ইউপির চেয়ারম্যান ইয়াকুব আলী অভিযোগ করেন, কেন্দ্রের কিছু কর্মকর্তা-কর্মচারীর ইন্ধনে চোরেরা প্রতিনিয়ত গাছ চুরি করছে। গাছ চুরির বিষয়টি নিশ্চিত করে স্টেশন কর্মকর্তা সুব্রত কুমার দাস জানান, বন গবেষণা কেন্দ্রটি প্রত্যন্ত এলাকায়। এই কেন্দ্রে ১৮ জন কর্মকর্তা-কর্মচারী থাকার কথা। কিন্তু আছেন ১০ জন। বন পাহারা দেওয়ার জন্য প্রহরীদের সম্বল শুধুু বাঁশের লাঠি। তা ছাড়া স্থানীয় প্রভাবশালী নেতাদের চাপ থাকার কারণে তাঁরা চোরদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারেন না।বিভাগীয় বন কর্মকর্তা (চট্টগ্রাম) শহীদ উল্লাহ জানান, গাছ চুরি রোধে তিনি ওই এলাকায় জনপ্রতিনিধি ও এলাবাসীদের নিয়ে সচেতনতামূলক বেশ কয়েকটি সভা করেছেন। গাছ চুরির সঙ্গে কর্মকর্তা ও কর্মচারীদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।