উজিরপুর কলেজের জমি দখল, পাকা স্থাপনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলার উজিরপুর বি এন খান ডিগ্রি কলেজের সীমানাপ্রাচীরের ভেতরের জমি দখল করে পাকা ভবন নির্মাণ করা হচ্ছে। প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছেন। বৃহস্পতিবার তাঁরা মিছিল ও প্রতিবাদ সভা করে নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ করেন।স্থানীয় লোকজন, কলেজ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উজিরপুর উপজেলার জেএল ৯২ নম্বর উজিরপুর মৌজার এসএ ৭৮৫ ও ৭৮৭ নম্বর খতিয়ানের ১২৫ ও ১২৬ নম্বর দাগের ৫৮ শতাংশ জমির বৈধ মালিক হিসেবে দীর্ঘদিন ধরে উজিরপুর বি এন খান কলেজ ভোগদখল করে আসছে। কলেজ কর্তৃপক্ষ ওই জমিতে সীমানাপ্রাচীর নির্মাণ করে তার মধ্যে নারকেল, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়েছে।২০০৪ সালে স্থানীয় মো. আলী হোসেন ফকির ওই ৫৮ শতাংশ জমির মালিকানা দাবি করে তা দখল করার চেষ্টা চালান। কলেজ কর্তৃপক্ষ এতে বাধা দিলে তিনি উজিরপুর সহকারী জজ আদালতে একটি মামলা করেন। মামলার বর্ণনায় তিনি সম্পত্তির মালিকানা দাবি করে জমিতে নিষেধাজ্ঞা জারির আবেদন করেন। ২০১১ সালের ১৮ সেপ্টেম্বর আদালতের বিচারক সহকারী জজ মুহামঞ্চদ জাকারিয়া এক আদেশে মামলাটি খারিজ করে দেন।ওই মামলার আদেশনামায় উল্লেখ রয়েছে, ‘খোশ খরিদা দাবি করা ভূমিতে নিষেধাজ্ঞা চেয়েছেন। অথচ আরজিতে খরিদা জমি বিরোধীয় করা হয়নি। এর মাধ্যমে বাদী মোকাদ্দমাবহির্ভূত জমিতে নিষেধাজ্ঞা অর্জনের প্রাথমিক চেষ্টা করেছেন, এটা আদালতের সঙ্গে প্রতারণার শামিল। ১১ পৃষ্ঠায় বলা হয়, আদালত স্থিতাবস্থার আদেশ দেওয়ার পরও ইটের গাঁথুনি তৈরি করেন। বাদীর দাখিলি দলিলটিতে জমির তফসিল ও পরিমাণ অংশে ঘষামাজা করে সংশ্লিষ্ট লেখা পরিবর্তন করা হয়েছে।’ ওই রায়ে আদালত মো. আলী হোসেন ফকিরকে নিজ ব্যবস্থাপনায় জমিতে যতটুকু ইটের গাঁথুনি রয়েছে, তা ভেঙে ফেলার নির্দেশ দেন।কলেজের অধ্যক্ষ গোলাম মোর্শেদ তালুকদার অভিযোগ করেন, আদালতের নির্দেশ উপেক্ষা করে মো. আলী হোসেন ফকির আবার ওই জমিতে পাকা ভবন নির্মাণকাজ শুরু করেন। এ সময় তিনি (অধ্যক্ষ) বাদী হয়ে বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। আদালত জমিতে স্থিতাবস্থা বজায় রাখার জন্য পুলিশকে নির্দেশ দেন। উজিরপুর থানার ওসি ৩ ফেব্রুয়ারি স্থিতাবস্থা বজায় রাখার জন্য নোটিশ দেন। আদালত ও পুলিশের নির্দেশ অমান্য করে আলী হোসেন ফকির ফের কলেজের সীমানাপ্রচীরের মধ্যে ঢুকে ১ মার্চ রাতে ৫৮ শতাংশ জমি দখলে নিয়ে টিনের বেড়া দেন এবং রাতে পাকা ভবনের নির্মাণকাজ শুরু করেন।কলেজ ব্যবস্থাপনা কমিটির সদস্য আমির হোসেন মিয়া ও আবদুল হাকিম হাওলাদার জানান, দীর্ঘদিন ধরে এলাকার প্রভাবশালী একটি কুচক্রী মহল জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি করে কলেজের সম্পত্তি দখলের পাঁয়তারা করে আসছিল।মো. আলী হোসেন বলেন, ‘১৯৭৭ সালে কেনা দলিলমূলে ওই সম্পত্তির বৈধ মালিক আমি। কলেজের দাবির সমর্থনে কোনো কাগজপত্র নেই।’ আদালতের আদেশনামা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘এ আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে। ইউএও দেবী চন্দ বলেন, আইনগত ব্যবস্থার মাধ্যমে কলেজের সম্পত্তি দখলমুক্ত করা হবে।