উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স  করোনাভাইরাসে (কোভিড–১৯) আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার রাতে তাঁর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। উজিরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শওকত আলী প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত ওই নার্সের বয়স ২৭ বছর। তিনি চার মাসের অন্তঃসত্ত্বা। বর্তমানে তিনি নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে উজিরপুর উপজেলাa স্বাস্থ্য কর্মকর্তা শওকত আলী বলেন, করোনায় আক্রান্ত নার্স গত ৩০ এপ্রিল সর্বশেষ দায়িত্ব পালন করে ছুটিতে যান। ৯ মে তাঁর করোনার উপসর্গ দেখা দেয়। পরদিন তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার রাতে পরীক্ষার রিপোর্ট হাতে পৌঁছায়। রিপোর্টে ওই নার্সের করোনা পজিটিভ উল্লেখ করা  হয়। তিনি বর্তমানে উজিরপুর সদরের নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। এ নিয়ে উজিরপুর উপজেলায় পাঁচজন করোনা (কোভিড–১৯)রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। দুজন চিকিৎসাধীন। এ ঘটনায় নার্সের বাড়ির আশপাশ লকডাউন ঘোষণা করেছেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণতি বিশ্বাস।