উজিরপুরে আ.লীগ নেতার হাতে শিক্ষক লাঞ্ছিত
বরিশালের উজিরপুর উপজেলায় গতকাল শনিবার একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করেছেন আওয়ামী লীগের এক নেতা। অফিস সহকারী পদে নিয়োগ না পাওয়ায় ওই নেতা এ ঘটনা ঘটান বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা গতকাল ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে। প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্র জানায়, উপজেলার হারতা ইউনিয়নের নাথারকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের নিম্নমান সহকারী ও কম্পিউটার অপারেটর পদ শূন্য ছিল। ওই পদে নিয়োগ দেওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। এ জন্য গত শুক্রবার বরিশাল জিলা স্কুলে লিখিত পরীক্ষা হয়। পরীক্ষায় প্রথম হওয়া রতন রায়কে নিয়োগ দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হন ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন চন্দ্র পান্ডে। লিটন পান্ডে হারতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুনীল বিশ্বাসকে সঙ্গে নিয়ে গতকাল সকালে বিদ্যালয়ে আসেন। বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ে ঢুকতে চাইলে প্রধান শিক্ষক অনাথ বন্ধু হালদারকে তাঁরা বাধা দেন। একপর্যায়ে তাঁরা শিক্ষককে গালাগাল করেন এবং তাঁর গলায় জুতার মালা পরিয়ে দেন। অনাথ বন্ধু হালদার প্রথম আলোকে বলেন, ‘পরীক্ষায় যিনি প্রথম হয়েছেন তাঁকে নিয়োগ দেওয়া হয়। লিটন পরীক্ষা দিয়ে সর্বনিম্ন নম্বর পেয়েছেন। তাই তাঁকে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। কেন তাঁকে নিয়োগ দেওয়া হয়নি সেই অপরাধে তাঁরা আমাকে লাঞ্ছিত করেন। তাঁরা আমাকে হত্যার হুমকিও দেন।’ তাঁরা বলেন, ‘বিদ্যালয়ে এলে তোকে গুলি করে মেরে ফেলব।’ একপর্যায়ে শিক্ষার্থীরা প্রতিবাদ করে স্কুল থেকে বেরিয়ে আসে। শিক্ষার্থীরা গতকালের পরীক্ষা ও ক্লাস বর্জন করে।এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে লিটন চন্দ্র পান্ডে প্রথম আলোকে বলেন, ‘প্রধান শিক্ষককে লাঞ্ছিতের ঘটনা মারাত্মক কিছু নয়। বিষয়টি নিয়ে আমরা বৈঠকে বসেছি। এখন কথা বলা সম্ভব নয়।’ তবে হারতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল মল্লিক বলেন, ঘটনাটি দুঃখজনক। লিটনসহ যাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।