উজিরপুরে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ আহত ১০
বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়ন আওয়ামী লীগের দ্বি-বার্ষিক সম্মেলনে গত বৃহস্পতিবার দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় মঞ্চ ও আসবাবসহ জল্লা বাজারের একটি দোকান এবং মন্দিরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে জল্লা পানবাড়ি মন্দিরের সামনে ওই ইউনিয়ন আওয়ামী লীগের দ্বি-বার্ষিক সম্মেলন শুরু হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমীর মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খালেক আজাদ। বেলা ১১টায় মঞ্চে আসন গ্রহণ করা নিয়ে ওটরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. হাফিজুর রহমানের সঙ্গে জল্লা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সম্পাদক উর্মিলা বাড়ৈর কথা-কাটাকাটি হয়। এ সময় উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন হাফিজুর রহমানকে গালমন্দ করেন। এর জের ধরে বেলা সাড়ে ১১টায় হাফিজুরের ২৫-৩০ জন সমর্থক ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে উর্মিলা বাড়ৈ ও জামাল হোসেনকে ধাওয়া করে তাঁদের লাঞ্ছিত করেন।এরপর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে সম্মেলনের মঞ্চ, চেয়ার, পানবাড়ি মন্দির ও জল্লা বাজারের একটি দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।