উজিরপুরে আমানউল্লাহ আমান বলেন...
বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান বলেছেন, যেদিন খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করা হবে, সেদিন শেখ হাসিনাকেও ক্ষমতা ছাড়া করা হবে। গতকাল বুধবার বরিশালের উজিরপুর বন্দরে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।আমানউল্লাহ আমান বলেন, ‘বর্তমান সরকার সব ক্ষেত্রে ব্যর্থ। তাই তাদের আন্দোলনের মাধ্যমে ক্ষমতা থেকে সরাতে হবে। চট্টগ্রামের মানুষ ভোটের মাধ্যমে ওয়াদা ভঙ্গকারী শেখ হাসিনার সরকারকে জবাব দিয়েছে। ঢাকার মানুষও বলেছে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে জয়লাভ করাবে। এই ভয়ে সরকার এখন হত্যা, নৈরাজ্যের পথ বেছে নিয়েছে।’কেন্দ্রীয় সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এস সরফুদ্দিন আহম্মেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় নেতা জাকির হোসেন, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মো. দুলাল হোসেন, আনিসুর রহমান, স্থানীয় বিএনপির নেতা মন্নান মাস্টার, সরদার সিদ্দিকুর রহমান প্রমুখ।এর আগে ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে শেষ হয়।