বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজীরপাড় গ্রামে গণধর্ষণের শিকার গৃহবধূর ডাক্তারি পরীক্ষা গতকাল বুধবার বরিশালে সম্পন্ন হয়েছে। এ ছাড়া ওই দিন দিবাগত গভীর রাতে ধর্ষণ মামলার এজাহারভুক্ত আরেক আসামিকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল হোসেন জানান, গতকাল রাতে এজাহারভুক্ত আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় এজাহারভুক্ত এক আসামিকে (৩৩) গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে দুজনকে গ্রেপ্তার করা হলো। গতকাল সকালে ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশালে পাঠানো হয়েছে। বরিশাল সিভিল সার্জন অফিসের একটি সূত্র জানায়, ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
থানা-পুলিশ সূত্র জানায়, উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের রিকশাচালকের স্ত্রী ও দুই সন্তানের জননী এক গৃহবধূ (৩০) গৃহপরিচারিকার কাজ শেষে বাড়ি ফেরার পথে গত ১৪ ডিসেম্বর রাত সাড়ে আটটায় ডাবেরকুল বাজারের একটি গলিতে পৌঁছালে তাঁকে ধরে নিয়ে একটি গুদামঘরের মধ্যে চার যুবক ধর্ষণ করেন। আরেক যুবক এ চিত্র মুঠোফোনে ভিডিও করেন।
১৫ জানুয়ারি স্বামীর অনুপস্থিতিতে বাড়িতে গিয়ে ওই যুবকেরা আগের ধর্ষণের ভিডিও দেখিয়ে গৃহবধূকে জিম্মি করে আবার ধর্ষণের চেষ্টা চালান। এতে গৃহবধূ রাজি না হলে হুমকি দেন। এ ঘটনায় গত মঙ্গলবার ওই গৃহবধূ বাদী হয়ে উজিরপুর মডেল থানায় পাঁচজনকে আসামি করে একটি মামলা করেন।