উজিরপুরে খালে বাঁধ দিয়ে মাছের চাষ, চাষির সর্বনাশ
বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের মুরিবাড়ি-পটিবাড়ি খালে বাঁধ দিয়ে মাছের চাষ করছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি খালেক আজাদ। এতে পানি না পেয়ে খালসংলগ্ন প্রায় আড়াই হাজার বিঘা জমির বোরো ধান নষ্ট হয়ে যাচ্ছে।
গ্রামবাসীর অভিযোগ, খালেক আজাদের কারণে ইউনিয়নের সাতলা-হারতা এলাকার দরিদ্র লোকজন খালে-ডোবায় মাছ ধরে জীবিকা নির্বাহ করতেও পারছেন না। মাছ ধরতে গিয়ে তাঁরা মারধরের শিকার হচ্ছেন। নৌকা ভেঙে দেওয়ার ঘটনাও ঘটেছে। হিন্দু সম্প্রদায়-অধ্যুষিত হারতা-সাতলা এলাকার বাসিন্দারা খালেক আজাদের ভয়ে কোনো প্রতিবাদ করতেও সাহস পান না।
সম্প্রতি সাতলা এলাকায় গিয়ে একটি খেতের পাশে দাঁড়িয়ে কথা হয় পটিবাড়ি গ্রামের কৃষক মহেন্দ্র মণ্ডলের সঙ্গে। তিনি বলেন, ‘ওই যে দ্যাহেন ধান লাল হইয়া গ্যাছে। একটু জল দিতে পারলে ধান হইত। কিন্তু জল পামু কই? খালেক আজাদ খালে বান (বাঁধ) দিয়া থুইছে। হ্যারে কিছু কওনও যায় না।’
সাতলা ইউনিয়নের পটিবাড়ি গ্রামে গিয়ে দেখা গেছে, মুরিবাড়ি-পটিবাড়ি খালের পটিবাড়ি অংশে মাটির বাঁধ দেওয়া হয়েছে। পানির অভাবে
স্থানীয় খেতগুলোর বোরো ধান লাল হয়ে শুকিয়ে যাচ্ছে।
বৃদ্ধ জয়মালা মণ্ডল জানান, কয়েক দিন আগে তাঁর ছেলে নিতাই ডোবায় মাছ ধরতে গেলে তাকে মারধর করে খালেক আজাদের লোকেরা। পরে নৌকাটাও ভেঙে দেয় তারা। বাধ্য হয়ে তাঁর ছেলে এখন এলাকাছাড়া। এ কথা বলে জয়মালা মণ্ডল কান্নায় ভেঙে পড়েন।
স্থানীয় তরুণ মো. নিপুণ সরদার বলেন, ‘খালেক আজাদ আওয়ামী লীগের সাইনবোর্ড লাগাইয়া চলে। তার ভয়ে হিন্দু এলাকার নারী-পুরুষরা তটস্থ থাকেন। মোটকথা পুরো এলাকা তার কাছে জিম্মি।’
উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. খায়রুল বাসার বলেন, ‘দল করলেও খালেক আজাদের এই অত্যাচারের বিরুদ্ধে চুপ থাকা যায় না। পটিবাড়ি এলাকার প্রায় আড়াই হাজার বিঘা জমির ধান নষ্ট হয়ে যাচ্ছে তাঁর খামখেয়ালির কারণে। এই এলাকার মানুষ মাছ, শামুক, কুচে শিকার করে জীবন ধারণ করতেন। তাঁরা এখন অসহায়। কাজ নেই।’
সাতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মো. ফারুক সরদার বলেন, খালেক আজাদ শুধু বাঁধ দিয়ে পানি আটকিয়েছেন তা নয়, খালের মাছ পর্যন্ত তিনি নিজে ভোগ করেন। পটিবাড়ি গ্রামের মানুষ তাঁর কাছে জিম্মি।
এসব অভিযোগের ব্যাপারে মো. খালেক আজাদ বলেন, ‘খালে বাঁধ দিয়েছি এলাকাবাসীর উপকার করার জন্য। তাই ইউএনও বা কাউকে বলা হয় নাই। এক হাজার বিঘা জমির ঘেরের মাছ ধরা হলেই পানি দেওয়া হবে। কৃষক এবং কাউকে মারধর করার অভিযোগ সত্য নয়।’ তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমি ১৭ বছর আওয়ামী লীগের সভাপতি ছিলাম। আমাকে জেলার সদস্য করা হবে, তাই উপজেলার কোনো পদে নেই।’
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহরাব হোসেন বলেন, খালেক আজাদ এলাকায় আধিপত্য বিস্তার করছেন এমন অভিযোগ রয়েছে। খালে বাঁধ দিয়ে মাছের চাষ করার ব্যাপারে প্রশাসনের কাছ থেকে তিনি অনুমতিও নেননি। প্রশাসনের অনুমতি দেওয়ারও কোনো সুযোগ নেই। এ ব্যাপারে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।