উজিরপুরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে গত শুক্রবার টর্নেডোর পর থেকে ১১টি গ্রামের কয়েক হাজার মানুষ এখন খোলা আকাশের নিচে। পাঁচ দিনেও ঘরবাড়িহারা এসব মানুষের ভাগ্যে জোটেনি কোনো ত্রাণ।গত সোমবার টর্নেডো-বিধ্বস্ত গুঠিয়া গ্রামে গিয়ে দেখা গেছে, অসংখ্য ঘরবাড়ি ধ্বংসের চিহ্ন। দুমড়ে-মুচড়ে পড়ে আছে সারি সারি গাছ। তেরদ্রোরন গ্রামে গিয়ে দেখা যায়, দিনমজুর হাসেম সরদার তাঁর বিধ্বস্ত ঘরের আশপাশে মালামাল খুঁজছেন। তিনি জানান, প্রায় ৮০ হাজার টাকা ঋণ নিয়ে টিনের একটি ঘর তুলেছিলেন। টর্নেডোতে ঘরটি বিধ্বস্ত হয়ে সব মালামাল নষ্ট হয়ে গেছে। স্ত্রী খালেদা বেগম ও তিন সন্তান নিয়ে এখন তিনি খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। অনুরূপ দুর্ভোগের কথা জানালেন রহম আলী সরদার, ফজলুল হক সরদার, সহিদুল ইসলামসহ আরও অনেকে। গ্রামের আবু তালেব মিয়া (৬৫) শুক্রবার দুপুরের টর্নেডো প্রসঙ্গে বলেন, মাত্র দু-তিন মিনিটেই সব নিশ্চিহ্ন হয়ে গেল।নিত্যনন্দী গ্রামে গেলে জোহরা বেগম জানান, শুক্রবার দুপুরে মুহূর্তের মধ্যে বাড়িঘর উড়িয়ে নিয়ে গেছে। এ পর্যন্ত তিনি কোনো ত্রাণ পাননি। একই কথা জানালেন ওই গ্রামের হারুন হাওলাদারের স্ত্রী শাহনাজ বেগম, জাফর হাওলাদার এবং বৈভাদ্রী গ্রামের আজাহার খান।কমলাপুর গ্রামে গিয়ে দেখা যায়, এইচএসসি পরীক্ষার্থী জোবায়ের হোসেন তার ভিজে যাওয়া বই রোদে শুকাচ্ছে। সে জানায়, টর্নেডোয় তাদের সব শেষ হয়ে গেছে। তাদের বসতঘরের চিহ্নও নেই। চার দিন ধরে তারা খোলা আকাশের নিচে বাস করছে। তার মা রেনু বেগম খাবারের সন্ধানে গেছেন। তার তিন ভাইবোন ও মায়ের পরনের কাপড় ছাড়া কিছুই নেই। গুঠিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন জানান, টর্নোডোয় তাঁর ইউনিয়নের ১১টি গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। এক হাজার ৫০টি পরিবার খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। চার দিন অতিবাহিত হলেও এখনো কোনো ত্রাণ আসেনি। উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্র জানায়, টর্নেডোয় ৩৭২টি বাড়িঘর সম্পূর্ণ ও ৬০৪টি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ জানান, টর্নেডোয় আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য জরুরি ত্রাণ হিসেবে পাঁচ মেট্রিক টন চাল ও ১০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয় সিন্ধু তালুকদার বলেন, জরুরিভাবে শুকনো খাবার সরবরাহ করা হয়েছে। গৃহহীন লোকজনের জন্য গৃহনির্মাণ সহায়তা চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জরুরি বরাদ্দ চাওয়া হয়েছে।