উজিরপুরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা না দেওয়ায় বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদি বাসস্ট্যান্ডের এক ব্যবসায়ীকে অপহরণ করে হত্যার চেষ্টা চালিয়েছে অপহরণকারীরা। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।বৃহস্পতিবার রাতেই হামলার শিকার হওয়া ওই ব্যবসায়ীকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।হামলায় গুরুতর আহত ওই ব্যবসায়ীর নাম মো. ওমর ফারুক। তিনি উজিরপুর উপজেলার দক্ষিণ শিকারপুর গ্রামের আয়নাল আলী সিকদারের ছেলে। এ ঘটনায় ওমর ফারুকের ভাই রব সিকদার উজিরপুর থানায় সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গতকাল শনিবার দুজনকে গ্রেপ্তার করেছে।ব্যবসায়ীর পরিবারের অভিযোগ, ওমর ফারুকের ইচলাদি বাসস্ট্যান্ডে কাপড়ের দোকান আছে। ২০ জুলাই তাঁর কাছে দক্ষিণ শিকারপুর গ্রামের রিপন মোল্লা, সুলতান মোল্লা; বাবুগঞ্জ উপজেলার স্বপন শরীফ; গৌরনদী উপজেলার হেমায়েত হোসেনসহ সাত-আটজন সন্ত্রাসী এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় গত বৃহস্পতিবার রাত ১১টায় দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে কালীরবাজার এলাকা থেকে তারা ওমর ফারুককে অপহরণ করে শিকারপুর মেজর জলিল সেতুর পাশের স্থানে নিয়ে নির্যাতন করে। উজিরপুর থানার উপপরিদর্শক (এসআই) শামীম আহম্মেদ জানান, হত্যার উদ্দেশ্যে ব্যবসায়ীকে নির্যাতন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মামলার আসামি রিপন মোল্লা ও স্বপন শরীফকে গতকাল শনিবার গ্রেপ্তার করা হয়েছে।