বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের শিবপুর গ্রামের শতাধিক কৃষকপরিবার তাঁদের জমির পাকা ধান রক্ষার দাবিতে গত রোববার বিকেলে শিবপুর বাজারে বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষুব্ধ কৃষকদের অভিযোগ, গত তিন বছর ধরে স্থানীয় একটি চক্র ভুয়া কাগজপত্র দেখিয়ে জমির মালিকানা দাবি করে জোরপূর্বক লাঠিয়াল নিয়ে তাঁদের জমির পাকা ধান কেটে নিয়ে যায়। গ্রামের কৃষক চিত্তরঞ্জন হাওলাদার, যোগীন্দ্রনাথ হাওলাদার, আবদুর রহমান বেপারীসহ অনেকেই অভিযোগ করেন, গ্রামের শতাধিক কৃষকপরিবার যুগ যুগ ধরে তাঁদের পৈতৃক প্রায় ১০০ একর জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছেন। ২০০৭ সাল থেকে উপজেলার দক্ষিণ সাতলা গ্রামের বাসিন্দা সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আইনুল ইসলাম ও হাবিবুর রহমান ওই জমির মালিকানা দাবি করে কয়েক দফা তা দখল করতে গিয়ে ব্যর্থ হন। এই ১০০ একর জমির মধ্যে বেশির ভাগ জমি নিয়ে আদালতে সাত-আটটি মামলা বিচারাধীন। কৃষকেরা জমিতে ধান চাষ করলেও ওই চক্রটি গত তিন বছর ধরে তাঁদের পাকা ধান কেটে নিয়ে যায়। চলতি বছরও চক্রটি পাকা ধান কেটে নিয়ে যাওয়ার পাঁয়তারা করছে। তিন-চার দিন আগে তারা ধানখেতে খুঁটি পুঁতে লাল পতাকা উড়িয়েছে। গত ২০ এপ্রিল গ্রামের কৃষকেরা তাঁদের ধান রক্ষার দাবিতে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদলের কাছে লিখিত আবেদন করেছেন। অভিযোগ অস্বীকার করে হাবিবুর রহমান বলেন, ‘ধান কেটে নেওয়ার সঙ্গে আমার সম্পৃক্ততা নেই।’ অভিযুক্ত আইনুল ইসলাম বলেন, ১৯৯৫ সালের আদালতের ডিগ্রি বলে ওই এলাকায় আমি পাঁচ একর ৪৪ শতাংশ জমির মালিক। কৃষকদের পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আমি আইনের প্রতি বিশ্বাসী। সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহাগ মোল্লা কৃষকদের অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, জোরপূর্বক ধান কেটে নেওয়া ঠেকাতে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় বলেন, কৃষকদের কোনো অভিযোগ আমি পাইনি। লিখিত অভিযোগ বা আদেশ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।