উজিরপুরে ভেসে গেছে ২৫ কোটি টাকার মাছ
‘সন্ধ্যায় জোয়ারের পানিতে প্লাবিত হয় চিংড়ির ঘের ও মাছের খামারগুলো। মুহূর্তের মধ্যে ভেসে যায় মাছ। শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া মাছগুলো রক্ষার কোনো উপায় ছিল না। লাখ লাখ টাকার মাছ পানিতে ভেসে গিয়ে আমাকে সর্বস্বান্ত করে দিয়ে গেছে।’ এভাবেই নিজের খামারের ক্ষতির কথা বলছিলেন বরিশালের উজিরপুর উপজেলার উজিরপুর গ্রামের মৎস্যখামারি আ. হাকিম সিকদার (৫২)।প্রায় একই কথা জানালেন মৎস্যখামারি ভরসাকাঠী গ্রামের মো. নাসির উদ্দিন মোল্লা, কাজী শাহ গ্রামের মো. সোহেল (৪০), কালিহাতা গ্রামের মো. মোকলেছুর রহমানসহ অনেকে। ৫ অক্টোবর সন্ধ্যার দিকে জোয়ারের পানিতে উপজেলার সাড়ে ১০ হাজার পুকুর, মৎস্যখামার, চিংড়ির ঘের ভেসে যায়। এতে প্রায় ২৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে উপজেলা মৎস্য বিভাগ জানিয়েছে। কিন্তু খামারিদের দাবি, ক্ষতির পরিমাণ প্রায় দ্বিগুণ।জানা গেছে, নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে জোয়ারের সময় সন্ধ্যা নদীর পানি অস্বাভাবিকভাবে প্রায় আট থেকে ১০ ফুট বেড়ে যায়। এ ছাড়া ৬ অক্টোবর থেকে টানা চার দিন বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের পানিতে উপজেলার এক হাজার ৯১৫টি মৎস্যখামার, আট হাজার ৩৮৫টি পুকুর ও তিন শতাধিক ঘেরের চিংড়ি ভেসে গেছে।উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, প্রাথমিক হিসাবে মৎস্য বিভাগের প্রায় ২৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে ইউনিয়নভিত্তিক ক্ষয়ক্ষতির হিসাব পেলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানান তিনি।পুকুর-মালিকেরা জানান, জোয়ার ও প্রবল বর্ষণে পুকুরগুলোতে পানি বৃদ্ধি পাওয়ায় চারদিকে জাল দিয়ে মাছ রক্ষার চেষ্টা করা হয়েছিল। তাতেও শেষ রক্ষা হয়নি। মৎস্যখামারিরা বিনা সুদে ঋণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। খামারিদের পুনর্বাসন সম্পর্কে জানতে চাইলে উজিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুর কালাম আজাদ বলেন, খামারিদের পুনর্বাসনের সুপারিশসহ ক্ষয়ক্ষতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।