উজিরপুরে মাতম
বরিশালের উজিরপুর উপজেলায় মাতম চলছে। বরিশাল-ঢাকা মহাসড়কের ইচলাদীতে গত শুক্রবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে। উদ্ধারকাজে এসে হৃদ্রোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় গতকাল শনিবার ইচলাদীতে শোক মিছিল করেছেন এলাকাবাসী।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, গতকাল শনিবার ভোরে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হারুন হাওলাদার নামে আহত এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মুণ্ডুপাশা গ্রামের বাসিন্দা।
হারুনের মা ফুলবানু জানান, শুক্রবার সকালে বাড়ি থেকে বের হয়ে হারুন বাড়ি ফেরেননি। সন্ধ্যায় পরিবারের সদস্যরা হারুনের আহত হওয়ার খবর পান। হারুনের মামাতো ভাই হেলাল মৃধা বলেন, পরিবারের আয়ের মূল উৎস ছিলেন হারুন। তিনি রিকশা চালিয়ে সংসার চালাতেন।
উজিরপুরের পূর্ব মুণ্ডুপাশা গ্রামের বাসিন্দা জুয়েল বিশ্বাস (২৫) ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। স্ত্রী আর দুই বছর বয়সী মেয়েকে নিয়েই ছিল তাঁর সংসার। গতকাল তাঁর বাড়িতে গিয়ে দেখা যায়, স্ত্রী রুমা বেগম তাঁর স্বামীকে হারিয়ে বিলাপ করছেন। রুমা বলেন, কয়েক মাস আগে স্থানীয় তাঁতী সমিতি থেকে ৭১ হাজার টাকা ঋণ নিয়ে জুয়েল একটি অটোরিকশা কেনেন। ১৫ হাজার টাকা পরিশোধও করেছেন। রিকশা চালিয়ে ধীরে ধীরে ঋণ শোধ করবেন- এমনটাই ইচ্ছা ছিল তাঁর। এখন কীভাবে চলবেন, মেয়েকে বড় করবেন, সেটা ভেবেই বারবার চোখ ভিজে যাচ্ছে।
শিক্ষক মীর শরীফ (৩০) বিকেলে বাড়ি থেকে ইফতারি কিনতে বের হন। বাড়ির পাশে ইচলাদী সড়কের পাশে দাঁড়িয়ে ইফতারি কিনছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান। শিকারপুর-উজিরপুর ইউনিয়নের ইউপি সদস্য সোহেল হাওলাদার জানান, বাড়ি বাড়ি গিয়ে ছাত্র পড়িয়ে সংসার চালাতেন মীর শরীফ। স্ত্রী, দুই ছেলে-মেয়ে ও বৃদ্ধ বাবাকে দেখার আর কেউ থাকল না।
দুর্ঘটনার পর উদ্ধারকাজ করছিলেন আবদুল হাকিম আকন (৬৫)। একপর্যায়ে তাঁর মামাতো ভাই ব্রজমোহন কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মামুন আকনের (২০) লাশ দেখে অজ্ঞান হয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
মামুন আকনের বন্ধু লিমন হোসেন বলেন, তাঁরা কয়েক বন্ধু মিলে ইচলাদীতে আসেন। শাওন নামে এক বন্ধুর জন্য সড়কের পাশে মামুন দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। এ সময় বাসটি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
গতকাল দুপুর ১২টায় উজিরপুরে নিহতদের পরিবারের কাছে আর্থিক সাহায্য দিয়েছেন বরিশালের জেলা প্রশাসক মো. শহীদুল আলম। অসহায় পরিবারগুলোর স্থায়ী উপার্জনের ব্যবস্থা করতে তিনি এলাকাবাসীকেও সহযোগিতা করার আহ্বান জানান। এর আগে ইচলাদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে শোক মিছিল করেছেন এলাকাবাসী। এ ঘটনায় বরিশাল হাইওয়ে পুলিশ গতকাল শনিবার হানিফ পরিবহনের গাড়িচালককে আসামি করে উজিরপুর থানায় একটি মামলা দায়ের করেছে।
ইচলাদী এলাকায় হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কসংলগ্ন খাদে পড়ে যায়। এর আগে বাসটি একটি চায়ের দোকান, পাঁচটি মিশুক, একটি টেম্পো ও পাঁচটি অটোরিকশাকে চাপা দিলে ১০ জন নিহত হন। এতে আরও ৩০ জন আহত হন। শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে উজিরপুর উপজেলার এম এ জলিল সেতুসংলগ্ন টোলপ্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের কেউ বাসের যাত্রী ছিলেন না৷