উজিরপুরে শিক্ষককে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের রৈভদ্রী গ্রামে জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে এক শিক্ষককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় আটজনকে আসামি করে উজিরপুর থানায় একটি মামলা হয়েছে।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় লোকজন জানান, উপজেলার কমলাপুর গ্রামের বাসিন্দা ও গুঠিয়া মহেশ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক (ইংরেজি) মো. মাহাবুবুল ইসলামের সঙ্গে জমিজমা নিয়ে একই গ্রামের সহিদুল হাওলাদার ও মজনু হাওলাদারের বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত বুধবার সকাল সাড়ে আটটায় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। বেলা দুইটায় পরীক্ষা শেষে মাহাবুবুল তাঁর দুই ছেলে সাকিব ও সাজ্জাদকে নিয়ে কমলাপুর গ্রামে নিজ বাড়ি ফিরছিলেন। পথে রৈভদ্রী গ্রামের সরদার বাড়ির সন্নিকটে পৌঁছালে প্রতিপক্ষ সন্ত্রাসীরা তাঁদের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর জখম হন। শিক্ষকের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী সন্ত্রাসীদের ধাওয়া করেন। এ সময় সন্ত্রাসীরা একটি রামদাসহ ধারালো অস্ত্র ফেলে পালিয়ে যায়। আহত শিক্ষককে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি ঘটলে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে ভর্তি করা হয়। আহত শিক্ষকের স্ত্রী শেলী বেগম অভিযোগ করেন, জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে সহিদুল হাওলাদার তাঁর সহযোগী সন্ত্রাসীদের নিয়ে হামলা চালিয়ে তাঁর স্বামীকে কুপিয়ে জখম করেছেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে সহিদুল হাওলাদার (৩৫), মজনু হাওলাদারসহ (২৮) আটজনকে আসামি করে উজিরপুর থানায় একটি মামলা করেন। অভিযোগের ব্যাপারে সহিদুল হাওলাদার বলেন, ‘হামলার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। বিরোধের কারণে আমাকে অভিযুক্ত করা হয়েছে।’উজিরপুর থানার ওসি সুকুমার রায় বলেন, মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।